সাবেক সাংসদ চান মাঠে ফিরতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ননী গোপাল
ননী গোপাল

খুলনার দাকোপ উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চারটিতে প্রার্থীই দিতে পারেনি বিএনপি। বাকি পাঁচটিতেও আছে না থাকার মতো। তারপরও স্বস্তিতে নেই আওয়ামী লীগের প্রার্থীরা। কারণ, সব ইউপিতে তাঁদের টক্কর দিচ্ছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ ননী গোপালের সমর্থন পাওয়া প্রার্থীরা।
এবার দাকোপের নয়টি ইউপিতে চেয়ারম্যান পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় প্রতিটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন। সদর, লাউডোব, সুতারখালী ও তিলডাঙ্গায় বর্তমান চেয়ারম্যানরাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। তাঁরা সাবেক সাংসদ ননী গোপালের অনুসারী। এ ছাড়া বানীশান্তায় সিপিবির প্রার্থী বিশ্বজিৎ কুমার মণ্ডল ও কৈলাশগঞ্জ ইউনিয়নে ওয়ার্কার্স পার্টির গৌরাঙ্গ প্রসাদ রায় তাঁর সমর্থন পাচ্ছেন।
স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৮ সালের নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ননী গোপাল খুলনা-১ আসনের সাংসদ হন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের সময় থেকে ননী গোপাল মণ্ডল এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেনের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। সে সময় ননী গোপাল দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চাকা মার্কায় নির্বাচন করেন। ওই নির্বাচনে ননী গোপাল হেরে যান। পরে দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
ওই বছরের উপজেলা পরিষদ নির্বাচনে ননী গোপালের অনুসারী প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডলকে হারিয়ে আবুল হোসেন জয়লাভ করেন। গত চালনা পৌরসভা নির্বাচনেও হেরে যান ননী গোপালের অনুসারী প্রার্থী। বারবার বিভিন্ন নির্বাচনে হেরে যাওয়ায় সাবেক সংসদের অনুসারীরা রাজনীতিতে অনেকটা চাপের মধ্যে। দাকোপের নয়টি ইউনিয়নের সমর্থন কাজে লাগিয়ে ননী গোপাল আবার মাঠে ফিরতে চাইছেন। অন্যদিকে আবুল হোসেনও চাইছেন নিয়ন্ত্রণ ধরে রাখতে।
গত ১৮ ও ১৯ জানুয়ারি উপজেলার নয়টি ইউনিয়নের শতাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৪ সালের সংসদ নির্বাচনের মতো দাকোপে এবারও ‘চাকা’ ও ‘নৌকা’-এর ভোট হচ্ছে। দলীয় প্রতীকের চেয়ে এখানে ননী গোপাল ও আবুল হোসেনের প্রার্থী কে তা দেখা হচ্ছে।
ছয়জন বিদ্রোহী প্রার্থী বলেছেন, তাঁদের অনুসারীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ভোটের দিন কেন্দ্র দখল হয়ে যেতে পারে বলে আশঙ্কা তাঁদের। আর আওয়ামী লীগের প্রার্থীরা বলছেন, দলের সাধারণ সমর্থকেরা অনেকটা দুই ভাগ হয়ে গেছেন। একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন ননী গোপাল। এ জন্য কিছুটা হলেও বিপাকে আছেন তাঁরা।
ননী গোপালের নিজের ইউনিয়ন কৈলাশগঞ্জে নৌকা প্রতীকে নির্বাচন করছেন মিহির কুমার মণ্ডল। সেখানে ননী গোপালের সমর্থন পাচ্ছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী গৌরাঙ্গ প্রসাদ রায়। গত শুক্রবার রাতে মিহির ও ননী গোপালের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
গৌরাঙ্গ প্রসাদ বলেন, তাঁর কর্মী-সমর্থকদের ওপর মামলা-হামলা চলছেই। ভোটকেন্দ্রে না যেতে হুমকি দেওয়া হচ্ছে।
লাউডোব ইউনিয়নে নৌকার প্রার্থী শেখ যুবরাজ। সেখানে বর্তমান চেয়ারম্যান সরোজিত কুমার রায় বিদ্রোহী প্রার্থী। শেখ যুবরাজ বলেন, সাবেক সাংসদ তাঁর কর্মীদের নৌকায় ভোট না দিতে বলছেন। তবে সরোজিত কুমার রায় বলেন, এ অভিযোগ সত্য নয়।
দাকোপ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সঞ্জয় কুমার মোড়ল বলেন, ‘আমার ইউনিয়ন সভাপতি ডেকে ডেকে কর্মীদের বলছেন, নৌকার বিপক্ষে কথা বললে চোখ তুলে ফেলা হবে। অনেক কৌশলে মাঠে আছি। নির্বাচনের দিন কী হবে জানি না।’ তবে এ বিষয়ে নৌকার প্রার্থী পঞ্চানন বিশ্বাসের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
আওয়ামী লীগের প্রার্থীরা নয়টি ইউপিতেই জয়লাভ করবেন বলে আশা প্রকাশ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন।
ননী গোপাল বলেন, ‘গত শুক্রবার আমার বাড়িতে হামলা চালিয়ে আমার নামেই মামলা করা হয়েছে। দীর্ঘদিন আমি আওয়ামী লীগের সভাপতি ছিলাম। উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের সময় আমার কোনো নেতা-কর্মীকে টিকিট পর্যন্ত দেওয়া হয়নি। বিভিন্নভাবে আমার নেতা-কর্মীদের কোণঠাসা করে রাখা হয়েছে। আওয়ামী লীগের অনেক জনপ্রিয় চেয়ারম্যানকেও বর্তমানে দলের প্রাথমিক সদস্য পদে রাখা হয়নি। তাই বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করছি। তারপরও নানা হুমকি। এভাবে কোণঠাসা করে রাখলে আমরা যাব কোথায়?’