সাভারে উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করে সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এই নোটিশ দেওয়া হয়।

সাভার পৌরসভার নামাগেন্ডা এলাকায় গত মঙ্গলবার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রলীগ এই সিদ্ধান্ত নেয়।
ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ইকরামুল নবী ওরফে ইমু বলেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ঝুট ব্যবসার সঙ্গে জড়িত। ওই ঝুট ব্যবসাকে কেন্দ্র করেই গত মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটে। যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। এ কারণেই উপজেলা ছাত্রলীগের কমিটির কার্যক্রম স্থগিত করে সভাপতি আতিকুর রহমানকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
এসব অভিযোগ অস্বীকার করে আতিকুর রহমান দাবি করেন, ছাত্রলীগের কিছু নেতা দীর্ঘদিন ধরে ঢাকা সোয়েটার থেকে ঝুট ক্রয় করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ওই নেতারা কারখানার ভেতরে ট্রাকে ঝুট ভর্তি করতে গেলে স্থানীয় মোশারফ নামে এক ব্যক্তি লোকজন নিয়ে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই জিল্লুর রহমান সেখানে গিয়ে মোশাররফের পক্ষ নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর চড়াও হয়। ওই কর্মকর্তার উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে তিনি (জিল্লুর) আহত হন। ওই ঘটনায় তাঁর কোনো সংশ্লিষ্টতা ছিল না। এমনকি ঘটনার সময় তিনি সেখানে উপস্থিতও ছিলেন না। এর পরেও উদ্দেশ্যমূলকভাবে তাঁকে জড়িয়ে মামলায় আসামি করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
সাভার মডেল থানার পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানসহ ৪০ জনকে আসামি করে গত বুধবার ডিবির পক্ষ থেকে সাভার মডেল থানায় মামলা করা হয়।