সাভারে এক কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ, কাউন্সিলর প্রার্থী আটক
প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সাভারে ধামরাইয়ের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। এ ঘটনায় পুলিশ কেন্দ্র থেকে কাউন্সিলর প্রার্থী শিশির ফেরদৌসসহ চারজনকে আটক করেছে।
বেলা দেড়টার দিকে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী শিশির ফেরদৌস ও নুরুল ইসলামের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ব্যালট পেপার ছিঁড়ে ফেলার পাশাপাশি নির্বাচন সামগ্রী ভাঙচুর করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা খাজা প্রথম আলোকে বলেন, সংঘর্ষের কারণে আপাতত ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আলাপ করে পুনরায় ভোট নেওয়া হবে। এ ছাড়া আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নুরুল ইসলামের ভাষ্য, শিশির ফেরদৌস তাঁর লোকজনসহ কেন্দ্রে ঢুকে ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারার সময় তাঁর সমর্থকেরা বাধা দেন। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।