সাভারে যুবলীগের আহ্বায়ক কমিটি গঠিত, রানা বাদ
সেলিম মণ্ডলকে প্রধান করে সাভার থানা যুবলীগের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় কেন্দ্রীয় যুবলীগ এই কমিটির ঘোষণা দেয়। এতে আগের আহ্বায়ক রানা প্লাজার মালিক সোহেল রানাকে কোথাও রাখা হয়নি।
এই আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সম্মেলন শেষে থানা কমিটির সম্মেলন করবে। ওই সম্মেলনের মধ্য দিয়ে সাভার থানার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।
রানা প্লাজা ধসের পর ২০১৩ সালে সাভার যুবলীগের কমিটি ভেঙে দেওয়া হয়। সাবেক আহ্বায়ক সোহেল রানা ভবনধসের মামলায় বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
কমিটি ঘোষণার পর কেন্দ্রীয় যুবলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে গতকাল তাঁর প্রতিক্রিয়ায় বলেন, কমিটির অনেকেই এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাঁদের প্রতি সাধারণ মানুষের বিরূপ ধারণা রয়েছে। এর পরও স্থানীয় সাংসদের সুপারিশেই তাঁদের এই কমিটির সদস্য নির্বাচন করা হয়।
ওই নেতা বলেন, ঘোষিত কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ অনেকেই একসময় সাবেক সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। গত সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সাংসদ পরিবর্তন হওয়ার পর তাঁরা বর্তমান সাংসদ এনামুর রহমানের ঘনিষ্ঠতা তৈরি করেছেন।
আহ্বায়ক সেলিম মণ্ডল বলেন, কমিটিতে কোনো সন্ত্রাসী নেই। এই কমিটি এমন কোনো কাজ করবে না যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
কমিটি ঘোষণা হওয়ার বিষয়টি নিশ্চিত করে সাংসদ এনামুর রহমান বলেন, সবেমাত্র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এখনো পরিবর্তনের সুযোগ রয়েছে। গুরুতর অভিযোগ থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।