সামনের চেয়ারে বসা নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় অমর একুশে গ্রন্থমেলায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চের সামনের চেয়ারে বসা নিয়ে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। ভাঙচুর হয়েছে দুটি ছাত্রাবাস ও তিনটি মোটরসাইকেল। আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন।

আজ বৃহস্পতিবার বিকেলে হাতাহাতি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। চলে রাত ১০টা পর্যন্ত। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করছেন সংগঠনটির নেতারা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, কলেজ প্রশাসনের আয়োজনে ক্যাম্পাসে মাসব্যাপী গ্রন্থমেলা চলছে। প্রতিদিনের মতো আজ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে চেয়ারে বসা নিয়ে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রউফের সঙ্গে সভাপতি কেএম মোজাম্মেল হোসেনের কর্মী মোস্তাকিন রহমান সবুজের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আবদুর রউফের পক্ষের আরিফ এবং রায়হান নামের দুই কর্মী আহত হন। তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাত সাড়ে আটটার দিকে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম হোসেন এবং বর্তমান সাধারণ সম্পাদক আবদুর রউফের নেতৃত্বে তাঁদের সমর্থকেরা কয়েকটি মোটরসাইকেলে করে কলেজের পাশে জহুরুলনগর এলাকায় যান। তখন মোস্তাকিন রহমানের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ঘটনার পর আসলাম ও রউফের কর্মী-সমর্থকেরা জহুরুলনগর এলাকার জাহানারা ম্যানসন ও রাবেয়া ছাত্রাবাস ভাঙচুর করেন। এ সময় একটি ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এরপর প্রায় এক ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। রাত পৌনে ১০টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে সাব্বির, মনির ও সজীব নামে তিন কর্মী আহত হন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে বেশ কয়েকটি ছাত্রাবাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি এ ঘটনার জন্য কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম হোসেনকে দায়ী করেন। মোস্তাকিন রহমান কলেজ ছাত্রলীগের কর্মী বলেও তিনি দাবি করেন।

অপরদিকে জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক ঘটনার জন্য মোস্তাকিন রহমানকে দায়ী করে বলেন, তাঁর কারণেই এই ঘটনা ঘটেছে। বহিরাগতদের ডেকে নিয়ে গিয়ে তিনি ছাত্রলীগ কর্মীদের মারধর ও মোটরসাইকেল ভাঙচুর করেছেন। পরে সুযোগ সন্ধানী কিছু লোকজন মেসে হামলা-ভাঙচুর চালিয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে একটু উত্তেজনার সৃষ্টি হয়েছে। কোনো ভাঙচুর-অগ্নিসংযোগ হয়নি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।