সামরিক জোটে ঢাকার অংশগ্রহণে ক্ষুব্ধ সিপিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী লড়াইয়ের জন্য সৌদি আরবের নেতৃত্বে ৩৪ দেশের ‘ইসলামিক সামরিক জোটে’ বাংলাদেশের যোগদানের সংবাদের প্রতিক্রিয়ায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বিবৃতিতে সিপিবির দুই শীর্ষ নেতা বলেন, ‘বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে জোট-নিরপেক্ষতার নীতি অনুসরণ করছে। ধর্মনিরপেক্ষতা এ দেশের অন্যতম রাষ্ট্রীয় মূলনীতি। একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কর্তৃক তার দীর্ঘদিন ধরে অনুসৃত জোট-নিরপেক্ষতার নীতি আকস্মিকভাবে পরিবর্তন করে একটি ইসলামিক সামরিক জোটে যোগদান করার বিষয়টি অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই তা মেনে নেওয়া যায় না।’
অবিলম্বে সৌদি নেতৃত্বাধীন প্রবলভাবে প্রশ্নবিদ্ধ ওই সামরিক জোট থেকে বেরিয়ে এসে সাম্প্রদায়িক সন্ত্রাসী জঙ্গি শক্তির বিরুদ্ধে দেশে ও বিশ্বে কার্যকর অর্থপূর্ণ ও দৃঢ় সংগ্রাম পরিচালনার জন্য সরকারের কাছে দাবি জানান তাঁরা।