১৫ আগস্টের ঘটনা বাংলাদেশকে পেছনে নিয়ে যাওয়ার এক ‘মহাচক্রান্ত’ আখ্যায়িত করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘সামরিক হস্তক্ষেপে বাংলাদেশের রাজনীতির কোনো পরিবর্তন সাধন হোক, রাজনৈতিকভাবে তা চাইনি।’ গতকাল বৃহস্পতিবার জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।
জাসদের সভাপতি আরও বলেন, ‘আর চাইনি বলেই অন্য অনেক বন্ধুরা যখন বিভ্রান্ত, হতবাক, নিষ্ক্রিয়, উদাসীন, অথবা গা বাঁচাচ্ছেন তখন জাসদের নেতা-কর্মীরা বজ্রকণ্ঠে বলল, খুনি মোশতাকের সরকারকে সমর্থন করি না।’ তিনি দাবি করেন, জাসদ এবং কর্নেল তাহের ১৫ আগস্ট মেনে নেয়নি বলেই জিয়াউর রহমানের শাসনকালে সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে অত্যাচারিত হয়েছেন।
একই অনুষ্ঠানে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জাসদের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ‘মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু যখন দেশে ফিরে আসলেন, আমাদের স্পষ্ট দাবি ছিল ও কথা ছিল, জাতীয় সরকার গঠন করা হোক। যে জাতি মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হয়েছে, তাঁরা ঐক্যবদ্ধ থাকুক। উনি জাতির পিতা, রাষ্ট্রপিতা—এজাতীয় সরকারের নেতৃত্ব উনি দিক।’
কিন্তু জাতীয় সরকারের বদলে বঙ্গবন্ধু সংসদীয় পদ্ধতির সরকারপ্রধান হওয়াতেই সমস্যার শুরু হয় দাবি করে শরীফ নূরুল আম্বিয়া আরও বলেন, ‘উনি রাষ্ট্রের পিতা না হয়ে সরকারপ্রধান হলেন এবং এখান থেকেই সমস্ত সমস্যার সৃষ্টি হওয়া শুরু হলো। উনি যদি রাষ্ট্রপিতা থাকতেন, যদি জাতীয় সরকার হতো, তাহলে আজকে এই সমস্যাটা সৃষ্টি হতো না। তিনি সংসদীয় পদ্ধতির সরকারপ্রধান হবেন—এ সিদ্ধান্তের মধ্য দিয়ে বঙ্গবন্ধু নিজেই নিজেকে বিতর্কের একটা উপাদানে পরিণত করলেন। তাই এখানে আলাদাভাবে জাসদকে “দোষারোপ করার কিছু নেই”।’
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল। আরও বক্তব্য দেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শওকত ও মোহাম্মদ খালেক, সহসভাপতি মীর হোসেন আখতার প্রমুখ।