সামাজিক দ্বন্দ্বের ফল ইউপির সহিংসতা: হানিফ
সামাজিক দ্বন্দ্ব ও অস্থিরতার কারণেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, কোনো সরকার সহিংসতা চায় না। প্রতিটি সরকার চায় শান্তি বজায় থাকুক। কিন্তু সামাজিক অস্থিরতার কারণে সহিংসতা ঘটে যায়। এ অস্থিরতা মোকাবিলায় সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে।
গতকাল শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন। আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। এ উপলক্ষে গঠিত অর্থ উপকমিটির সঙ্গে অন্য সব উপকমিটির ওই সভা হয়।
আওয়ামী লীগের এই নেতা বলেন, দলের এবারের জাতীয় সম্মেলনে সাড়ে ৬ হাজার কাউন্সিলর ও ২০ হাজারের বেশি ডেলিগেট উপস্থিত থাকবেন। বিদেশি অতিথিরাও আসবেন। ইতিমধ্যে ৫০ জন রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।