সামাজিক যোগাযোগ নিয়ে আ.লীগের কর্মশালা সম্পন্ন
সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত তিন দিনব্যাপী এক কর্মশালা আজ মঙ্গলবার শেষ হয়েছে।
সংসদ সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে পারদর্শী করে তোলা এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গত রোববার এ কর্মশালা শুরু হয়। ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক এ কর্মশালায় প্রায় ১৩৪ জন সংসদ সদস্য ও মন্ত্রী অংশ নেন। এতে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ ও সাবেক মন্ত্রী দীপু মনি অংশ নেন।
দলের গবেষণা সেল ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) কারিগরি ও তাত্ত্বিক সহযোগিতায় আওয়ামী লীগ এ কর্মশালার আয়োজন করে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
গত রোববার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় সংসদ সদস্যদের সরকারবিরোধী প্রচারণা মোকাবিলায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কর্মশালার উদ্বোধন করেন।