সামিউল সভাপতি ও সাইফুল সম্পাদক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গতকাল শনিবার জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ওই সম্মেলন হয়। সম্মেলনে জাতীয় পার্টির আহ্বায়ক সামিউল আলমকে সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সামিউল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পার্টির দিনাজপুর জেলা সহসভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আহম্মেদ শফি রুবেল ও যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী।
সম্মেলনে বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী আবদুল গফুর, পার্টির নেতা সেকেন্দার আলী জিন্নাহ, পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির মহিলা সভানেত্রী রওশন আরা বেগম।
সম্মেলন শেষে জাতীয় পার্টির নেতা-কর্মীরা সর্বসম্মতভাবে সামিউল আলমকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্যের ওই কমিটি ঘোষণা করেন। সম্মেলনে ফুলবাড়ী, পার্বতীপুরসহ পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।