সাম্প্রতিক সব হত্যাকাণ্ডে আ.লীগ জড়িত, অভিযোগ খালেদা জিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যাসহ সাম্প্রতিক সময়ে সংঘটিত সব হত্যা ও গুমের সঙ্গে আওয়ামী লীগ ও তাদের দোসররা জড়িত।
গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শফিউর রহমান মিলনায়তনে বিএনপির সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার ও আলোচনা সভায় খালেদা জিয়া এই অভিযোগ করেন।
চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যার কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, পুলিশ কর্মকর্তার স্ত্রী হয়েও খুন হতে হলো। এখন পর্যন্ত তার কোনো কারণ বের করা যায়নি। এসব খুনের সঙ্গে আওয়ামী লীগ ও তাদের দোসররা জড়িত। তাদের ধরলেই সব তথ্য বেরিয়ে আসবে।
খালেদা জিয়া বলেন, ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫টি মামলা থেকে মুক্ত হয়েছেন। অথচ তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে টানাহেঁচড়া করা হচ্ছে। নাইকো দুর্নীতির ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে তিনি ওই ঘটনায় শেখ হাসিনাকে অভিযুক্ত করেন। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলা চলতে হলে শেখ হাসিনাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
খালেদা জিয়া বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই। বিচার বিভাগের স্বাধীনতা নেই। নির্বাচিত সরকার নেই। যারা আছে তারা স্বঘোষিত, অনির্বাচিত, অবৈধ সরকার। তাই এই অবৈধ সরকার যত আইন পাস করুক না কেন, তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান টি এইচ খানের সভাপতিত্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার প্রমুখ বক্তব্য দেন।