সাম্প্রদায়িক আবহ প্রতিরোধ করতে হবে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশে বর্তমানে যে সাম্প্রদায়িক আবহ তৈরি হয়েছে, তা প্রতিরোধ করা না গেলে গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে; ব্যাহত হবে উন্নয়নের অগ্রযাত্রাও।
জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথাগুলো বলেন মেনন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় কৃষক সমিতি।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘মূর্তি ভাঙার মতো বিষয় পাকিস্তান আমলে কল্পনাও করা যেত না। আমরা মনে করেছিলাম, বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার অবসান ঘটেছে। কিন্তু বড় বড় কিছু ঘটনা আমাদের চিন্তাকে পরিবর্তন করতে বাধ্য করেছে।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো বলেন, দাবার মতো কোনো খেলা দিয়ে অন্য ধরনের রাজনীতি হতে পারে। কিন্তু এর মাধ্যমে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। রাজনীতিতে দরকার আবেগ এবং ভালোবাসা।
মাওলানা ভাসানীর আত্মার প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে মাওলানা ভাসানীর অবদান অনস্বীকার্য। তিনি সব দলের এবং জাতির নেতাদের অনুভূতি ধারণ করেন।’
জাতীয় কৃষক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা আলমগীর রতন অনুষ্ঠান পরিচালনা করেন। সভায় উপস্থিত ছিলেন জাতীয় কৃষক সমিতির কার্যকরী সভাপতি মাহমুদুল হাসান মানিক, সহসভাপতি মনোজ সাহা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন প্রমুখ।