সাম্প্রদায়িক সন্ত্রাসীদের বিচার না করে নোংরা খেলা খেলছে সরকার: এবি পার্টি
সাম্প্রদায়িক সন্ত্রাসীদের বিচার না করে সরকার নোংরা রাজনীতির খেলা খেলছে বলে দাবি করেছে এবি পার্টি। আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেন, পর্দার আড়ালে থেকে অদৃশ্য কারিগরেরা ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে হিন্দু-মুসলিমের মধ্যে দাঙ্গা বাধানোর অপপ্রয়াস চালাচ্ছে।
রাজধানীর পুরানা পল্টনে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। দলের আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরীর পক্ষে বক্তব্য তুলে ধরেন পাটির সদস্যসচিব মজিবুর রহমান। কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাস ও সহিংসতার নিন্দা জানিয়ে এবি পার্টির আহ্বায়ক বলেন, একটি পক্ষ ধর্মের অপব্যবহার ও অপব্যাখ্যা করে নিজেদের রাজনৈতিক শক্তির জানান দিচ্ছে।
একটি পক্ষ এ ধরনের ঘটনাকে পুঁজি করে সনাতন ধর্মাবলম্বীদের ভোট ব্যাংক নিশ্চিত করার খেলা খেলে যাচ্ছে বলে মন্তব্য করেন সোলায়মান চৌধুরী। তিনি বলেন, এ জন্য দুটি পক্ষ প্রকাশ্য দ্বন্দ্বে লিপ্ত হলেও বাস্তবে স্বার্থসিদ্ধির জায়গায় একে অপরের সহযোগী। মাঝেমধ্যে তাদের এই আঁতাত ধরাও পড়ে। এর উদাহরণ তুলে ধরে এবি পার্টির নেতা বলেন, ২০১৬ সালে নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে হামলা ও মন্দির ভাঙচুর মামলার অভিযোগপত্রভুক্ত তিন আসামিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়। পরে তা প্রকাশ পেলে বিতর্কের মুখে মনোনয়ন প্রত্যাহার করা হয়। এ ধরনের হামলার ঘটনাগুলো যতটা না সাম্প্রদায়িকতাপ্রসূত, তার চেয়ে বেশি রাজনৈতিক দুরভিসন্ধিমূলক বলে সন্দেহের অবকাশ থাকে।
সাবেক সচিব সোলায়মান চৌধুরী বলেন, ধর্মীয় সম্প্রীতির শহর কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপে কে বা কারা পবিত্র কোরআনকে প্রতিমার হাঁটুর ওপর রেখে একটি অত্যন্ত স্পর্শকাতর বিতর্কিত পরিস্থিতির জন্ম দিয়েছে। এ ঘটনায় দৃশ্যত কোরআন অবমাননার কারণে একদিকে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, অন্যদিকে দেশে দাঙ্গাময় পরিস্থিতি তৈরি করার অপপ্রয়াস চালানো হয়েছে। এ নিয়ে মণ্ডপ কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও সরকারের উদাসীনতায় পরিস্থিতির আরও অবনতি ঘটেছে এবং গুজবের ডালপালা বিস্তার করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের উপাসনালয় ও বাড়িঘরে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
পীরগঞ্জে অন্তত ৫০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। কোনো ধর্মপ্রাণ মানুষ এ ধরনের হিংসাত্মক, বর্বর হামলা চালাতে পারে না। যারা এ ধরনের পৈশাচিক হামলা চালিয়েছে, তারা নিজ ধর্মকেও অপমান করেছে।
সোলায়মান চৌধুরী বলেন, ‘অতীতে সাম্প্রদায়িক সহিংসতার কোনো বিচার হয়নি। মন্দির-মসজিদে বিভেদ সৃষ্টি করে একটি মহল ফায়দা লুটতে চাচ্ছে। আমরা দাবি করছি, অতি দ্রুত দোষীদের চিহ্নিত করুন, বিচারের আওতায় আনুন, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান। দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করুন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত, যুব পার্টির সমন্বয়ক এ বি এম খালিদ হাসান, কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব ও গাজীপুর জেলার আহ্বায়ক আমজাদ খান, সহকারী সদস্যসচিব শাহ আবদুর রহমান, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সমন্বয়ক আলতাফ হোসাইন প্রমুখ।