সাম্প্রদায়িকতা নিয়ে আ.লীগ-বিএনপির ব্যবধান ছোট হচ্ছে
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী বলেছেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সাম্প্রদায়িকতার বিষয়ে যে ব্যবধান ছিল, তা ছোট হচ্ছে। এটা শঙ্কায় ফেলে দিয়েছে।’
আজ সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হয় ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশে সাম্প্রদায়িকীকরণ ও জঙ্গিবাদের বিপদ: সমাধানের পথ’ শীর্ষক এক আলোচনা চক্রে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন জিয়াউদ্দিন তারেক আলী। এটির আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন ও সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ।
ইসলামী ব্যাংকসহ জামায়াতের আর্থিক প্রতিষ্ঠানের প্রসঙ্গ টেনে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, জামায়াত ক্ষমতায় নেই, তবে তাদের টাকাপয়সা রয়ে গেছে। সাম্প্রতিক হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, এটা ক্ষমতায় যাওয়ার সংগ্রাম। তারা গণতন্ত্র বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে হত্যা করে ক্ষমতায় যাওয়া যায়। জঙ্গিবাদ প্রতিরোধে স্বাধীনতার পক্ষের সবাইকে মিলে এক জায়গায় দল (টিম) গঠনের পরামর্শ দেন তিনি।
ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার হচ্ছে সাহসিকতার সঙ্গে। কিন্তু যুদ্ধাপরাধীদের রাজনীতি চালু রয়েছে, এটা বৈপরীত্য। জামায়াত নিষিদ্ধের দাবি বহুদিনের। কিন্তু সরকার তা কেন করছে না?
গত দেড় বছরে ৪৫টি ঘটনায় ৪৭ জনকে হত্যার কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, সারা দেশের সব ধর্মের মানুষকে একধরনের প্রতিকারহীন সমাজের মধ্যে কাটাতে হচ্ছে। এসব কাজ আইএসের অনুসারীরাই যে করছে তাতে সন্দেহ নেই। তিনি অভিযোগ করেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিচারে সরকার যত আন্তরিক, জঙ্গিবাদের বিচারে সেই আন্তরিকতা রয়েছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। জঙ্গিবাদ মুক্তিযুদ্ধের বাংলাদেশের শত্রু, ধর্মের শত্রু। কারণ, কোনো ধর্মই এ ধরনের নিষ্ঠুর হত্যা সমর্থন করতে পারে না।
এ থেকে সমাধানের জন্য সমাজের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সারওয়ার আলী বলেন, জঙ্গিরা যতই ক্ষিপ্রতা ও দক্ষতা দেখাক না কেন, তাতে দমিয়ে রাখা যাবে না, মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়া হবেই।
লিখিত সূচনা বক্তব্যে সম্মিলিত সামাজিক আন্দোলন ও সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের নেতা অসিত বরণ বিশ্বাস বলেন, জঙ্গিগোষ্ঠী দেশে অস্থিতিশীল একটি আবহ সৃষ্টি করার সুদূরপ্রসারী কার্যক্রম নিয়ে অনেকটাই এগোতে সক্ষম হয়েছে। সরকারের ভেতরে থাকা এদের এজেন্টরা এসব কর্মকাণ্ডে মদদ না দিলে এদের কর্মকাণ্ড এতটা প্রসারিত হতে না।
রাজনৈতিক দল ও প্রশাসনে যারা এদের মদদ জোগাচ্ছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেন অসিত বরণ বিশ্বাস। এ ছাড়া জামায়াত নিষিদ্ধ করা, অবিলম্বে জাতীয় শিক্ষানীতি ও নারী উন্নয়ননীতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান তিনি।