সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে রাষ্ট্র: মুজাহিদুল ইসলাম সেলিম
সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ চিরতরে অন্ধকারে আচ্ছন্ন করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। রাষ্ট্র সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি-বাসদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম এসব কথা বলেন। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে। গোবিন্দগঞ্জে আদিবাসীদের উচ্ছেদের জন্য তাদের ওপর পুলিশ গুলি চালিয়েছে। সরকার সংখ্যালঘুদের রক্ষায় কার্যকর কিছু করছে না।
সেলিম বলেন, সাম্প্রদায়িকতার রাজনীতি আর লুটপাটের রাজনীতি এখন একাকার হয়ে গেছে। তার খেসারত দিতে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়কে। সাম্প্রদায়িকতাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার ক্ষেত্রে বুর্জোয়া দলগুলোর নগ্ন প্রতিযোগিতা রয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রদায়িক তাণ্ডবের বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।