সাম্রাজ্যবাদ ও মৌলবাদ রুখতে অভিন্ন মঞ্চ গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্রাজ্যবাদ, নয়া উদারনীতিবাদ ও ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তাগিদ দিয়েছেন বিভিন্ন দেশের বামপন্থী নেতারা। গতকাল শনিবার ‘সাম্রাজ্যবাদ, নয়া উদারনীতিবাদ এবং ধর্মীয় মৌলবাদ’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে এসব নেতা সাম্রাজ্যবাদ ও মৌলবাদ রুখতে একটি অভিন্ন মঞ্চ গড়ে তোলার আহ্বান জানান। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ওই সেমিনারের আয়োজন করে।

সিপিবির একাদশ কংগ্রেসের অতিথি হয়ে বিভিন্ন দেশের বামপন্থী ও কমিউনিস্ট পার্টির নেতারা ঢাকায় এসেছেন।

গতকালের সেনিমারে বিদেশি অতিথিরা বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় সাম্রাজ্যবাদের পরাজয় দেখা যাচ্ছে। পুঁজিবাদী শাসনব্যবস্থায় উৎপাদিত পণ্যের সুষম বণ্টন নিশ্চিত করা যায় না। উদার দৃষ্টিভঙ্গির নামে গরিব ও মধ্যবিত্ত মানুষের মৌলিক অধিকারগুলোকে বেসরকারীকরণ করে বিপদ বাড়িয়ে দেওয়া হচ্ছে। এখন যুক্ত হয়েছে নয়া উদারবাদনীতি। এগুলো সবই দরিদ্রের সম্পদ লোটার ফিকির। এসবের বিরুদ্ধে দক্ষিণ এশিয়া থেকে শুরু করে বিশ্বের ছাত্র-যুব ও শ্রমিক শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। একসঙ্গে কাজ করতে হবে। এই আন্দোলনের সূত্র ধরেই দ্রুত পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী বিশ্বের পতন হবে।

ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) জাতীয় পরিষদের সম্পাদক ডি রাজা বলেন, সাম্রাজ্যবাদের সঙ্গে যুক্ত হয়েছে পুঁজিবাদ। এর বিকল্প হচ্ছে রাজনৈতিক ঐক্য। নয়া উদারনীতিবাদ ও ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে বামপন্থী ও গণতন্ত্রমনস্কদের লড়াই করতে হবে।

ভারতের সিপিআই (এম) সম্পাদকমণ্ডলীর সদস্য নীলোৎপল বসু বলেন, সাম্রাজ্যবাদ, নয়া উদারনীতিবাদ ও ধর্মীয় মৌলবাদ—তিনটি এক সূত্রে গাঁথা। তিনটির ক্ষেত্রে আন্তর্জাতিকভাবেও লড়াই দরকার, দরকার সমন্বিত প্রতিরোধ। সব মানুষের ঐক্য দরকার, এখানে বামপন্থী ও গণতান্ত্রিক রাজনীতিবিদেরা থাকবেন। বড় কথা হচ্ছে, অধিকাংশ মানুষ থাকতে হবে।

সেমিনারে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান সাম্রাজ্যবাদবিরোধী সব শক্তিকে এক জোট হয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আন্তর্জাতিক মঞ্চ গড়ার এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে এই মঞ্চকে কার্যকর করাসহ কয়েকটি সুপারিশ তুলে ধরেন।

মূল প্রবন্ধে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিনু কিবরিয়া ইসলাম বলেন, বৈশ্বিক এই লড়াইয়ে সাম্রজ্যবাদ ও মৌলবাদের বিরুদ্ধে সমানভাবে লড়াই করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।