সারা দেশে উন্নয়নের নামে লুটপাট চলছে: নোমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, দেশের সব সেক্টরে দুর্নীতি, লুটপাট চলছে। সারা দেশে উন্নয়নের নামে আওয়ামী লীগের নেতারা অর্থ লুটপাট করছেন। আজ সোমবার দুপুরে জামালপুর জেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ আল নোমান বলেন, আওয়ামী লীগ দেশে গুম, হত্যা ও খুনের রাজনীতি শুরু করেছে। এর যেন শেষ নেই। গুম, খুন, অত্যাচার ও নিপীড়ন গ্রাম পর্যায়ে চলে গেছে। অর্থনৈতিকভাবে দেশ আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের মানুষ কষ্টে আছে। ৫০ টাকা কেজি দরে চাল খেতে হচ্ছে। বাজারে জিনিসপত্রের অগ্নিমূল্য মরণফাঁদে পরিণত হয়েছে। এই সরকার জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা সম্পূর্ণ অবৈধভাবে দেশ চালাচ্ছে। জনগণ তাদের এসব লুটপাটের হিসাব একদিন নেবেই নেবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি বুলেটের মাধ্যমে নয়, ব্যালটের মাধ্যমে নির্বাচন করতে চায়। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়।

নোমান বলেন, দেশের মানুষ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। কিন্তু বর্তমান স্বৈরাচারী সরকার দেশের মানুষকে ভয় পায়। তিনি স্বৈরাচার হটানোর আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে বর্তমান সরকারের উদ্দেশে বলেন, চিরদিন কেউ ক্ষমতায় থাকতে পারেনি। ইটের টুকরা ও লাঠি হাতেই জনগণ বন্দুককে পরাজিত করেছে। আজ হাজার হাজার মানুষ ভোটের অপেক্ষায় রয়েছে। অস্ত্র আর গুন্ডা বাহিনী দিয়ে তাদের কেউ আটকাতে পারবে না। যারা গুম, হত্যার রাজনীতি শুরু করেছে, তাদেরই পালাতে হবে।

শহরের রানী কমিউনিটি সেন্টারে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক আইজিপি আবদুল কাইউম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মো. সিরাজুল হক, জামালপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার রিতা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন প্রমুখ।