শুক্রবার ১৪ দলের গায়েবানা জানাজা ও মহাসমাবেশ
বিএনপি-জামায়াত জোটের চলমান অবরোধ ও হরতালে পেট্রলবোমায় নিহত লোকজনের স্মরণে আগামী শুক্রবার বাদ জুমা ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
একই দিন বেলা আড়াইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে মহাসমাবেশ হবে। ওই মহাসমাবেশে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
আজ বুধবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ, ঢাকা মহানগর আওয়ামী লীগ, দলীয় সাংসদ, ঢাকার পার্শ্ববর্তী জেলার নেতারা অংশ নেন। বৈঠক শেষে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার বাদ জুমা পেট্রলবোমায় নিহত লোকজনের আত্মার মাগফিরাত, অগ্নিদগ্ধদের আশু রোগমুক্তি কামনা ও ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা, উপজেলায় দোয়া, মিলাদ ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে বাদ জুমা দোয়া, মিলাদ ও গায়েবানা জানাজা এবং দেশের প্রতিটি মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা হবে।
মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রশাসনকে আরও কঠোর হতে হবে। প্রশাসনকে মনে রাখতে হবে, শান্তির প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে হয়। এটা চিরায়ত কথা। আরও কঠোরভাবে এদের দমন করতে হবে।’
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী এবং শিক্ষার্থী-অভিভাবকদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, প্রশাসন আছে। জনগণ আছে। পরীক্ষা হবে। তিনি বলেন, ‘চোরাগোপ্তা হামলা কমে এসেছে। এই যুদ্ধে কোনো দিন সন্ত্রাসীরা জয়লাভ করতে পারবে না। সত্যের জয় হবে।’
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নূহ-উল-আলম লেনিন, জাহাঙ্গীর কবির নানক, বি এম মোজাম্মেল হক, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুল মান্নান খান, বদিউজ্জামান ভুঁইয়া, আবদুস সোবহান গোলাপ, আফজাল হোসেন, অসীম কুমার উকিল, এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, কামরুল আহসান, জাসদের হাসানুল হক ইনু, শিরীন আখতার, নৌপরিবহনমন্ত্রী ও শ্রমিক-কর্মচারী সমন্বয় ঐক্য পরিষদের নেতা শাজাহান খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান সেলিম, শহীদুল্লাহ শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায়, গণআজাদী লীগের এস কে শিকদার, বাসদের রেজাউর রশিদ খান, শ্রমিক নেতা ইসমত কাদির গামা প্রমুখ।