সারা দেশে সন্ত্রাসবিরোধী কমিটি করবে ১৪ দল
ঢাকাসহ সারা দেশের পাড়া-মহল্লায় ‘সন্ত্রাস বিরোধী কমিটি’ করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের ‘চোরাগোপ্তা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে’ এই কমিটি গঠন করবে জোটটি।
আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। এর আগে সন্ত্রাসবিরোধী কমিটি নিয়ে বৈঠকে আলোচনা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা হবে ১৪ দলের এই কমিটির কাজ। কমিটি প্রতিটি পাড়া-মহল্লায় সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে। সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ব্যক্তি উসকানি দিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার বিষয়ে নাসিম বলেন, ১৪ দল কোনো গণতান্ত্রিক কর্মসূচির বিরুদ্ধে না। সব শান্তিপূর্ণ কর্মসূচি তারা করতে পারে। যদি শান্তিপূর্ণ কর্মসূচি করতে চায়, তবে আইনশৃঙ্খলা বাহিনী সেটা করার অনুমতির বিষয়ে ব্যবস্থা নেবে। ভারতের বিজেপির সভাপতি অমিত শাহ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ফোনালাপ বিষয়ে তিনি বলেন, ‘অমিতের সঙ্গে ফোনালাপ নিয়ে খালেদা জিয়া প্রতারণা করেছেন। একজনকে বিদেশি সাজিয়ে টেলিফোন নাটক করেছেন। এর মাধ্যমে আমরা লজ্জিত হয়েছি। খালেদা জিয়া লজ্জিত হয়েছেন কি না, জানি না। আমি মনে করি, আওয়ামী লীগের সঙ্গে বিরোধিতা করতে গিয়ে এই নাটকের কারণে বিএনপি তৃতীয় শ্রেণীর দলের কাতারে চলে গেছে।’
সংবাদ সম্মেলনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মাঈনুদ্দিন খান বাদল বলেন, যদি এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকে, তখন প্রথমে পুলিশ লাঠিপেটা করে, পরে পায়ে গুলি করে। প্রয়োজনে বুকে গুলি করা হয়ে থাকে। গ্রেনেড, পেট্রল নিয়ে মাঠে নামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে চুমা দেবে না।
১৪ দলের একটি দল কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মিসবাহ উদ্দিন সিরাজ, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, বাসদের রেজাউর রশীদ খানসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।