সারিয়াকান্দি পৌর মেয়রকে দলীয় পদ থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ এনে বগুড়ার সারিয়াকান্দি পৌর মেয়র আলমগীর শাহীকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি করেছে উপজেলা আওয়ামী লীগ। গত সোমবার দলের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে আওয়ামী লীগের স্থানীয় সাংসদের সঙ্গে দ্বন্দ্বের জেরে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, কাউকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার এখতিয়ার উপজেলা কমিটির কেন, জেলা কমিটিরও নেই। গঠনতন্ত্র অনুযায়ী, কাউকে দলীয় পদে রাখা না-রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একমাত্র কেন্দ্রীয় কমিটির।
দলীয় সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নানের উপস্থিতিতে ওই সভা হয়। এতে সাংসদ-পত্নী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান সভাপতিত্ব করেন। সভায় পৌর মেয়র আলমগীর শাহীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ তুলে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা। তাঁরা আলমগীরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি তোলেন। এতে সাংসদ সম্মতি দেন। পরে তাঁকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল খালেক তরফদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই আলমগীর শাহী দলে নিষ্ক্রিয়। দলীয় কর্মসূচিতে অনুপস্থিত তিনি। নেতা-কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করতেন। বাধ্য হয়ে সভাপতি নিজেই বর্ধিত সভা ডাকেন। সেখানে নানা অভিযোগ তুলে আলমগীর শাহীকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন তৃণমূলের নেতারা। দাবির মুখে তাঁকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে ২৬ আগস্ট পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যপদ থেকেও আলমগীর শাহীকে অব্যাহতি দেওয়া হয়।
এক প্রশ্নের জবাবে মতিউর রহমান বলেন, দল থেকে কাউকে বহিষ্কার করা হলে সে ক্ষেত্রে কারণ দর্শানোর নোটিশ দেওয়া এবং কেন্দ্রের সিদ্ধান্তের প্রয়োজন হতো। কিন্তু দলীয় পদ থেকে অব্যাহতি দিতে কেন্দ্রের সিদ্ধান্তের প্রয়োজন নেই।
তবে তাঁকে অব্যাহতি দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন আলমগীর শাহী। তাঁর দাবি, তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার এখতিয়ার উপজেলা কমিটির নেই। তা ছাড়া দলের বর্ধিত সভা কেবল সাধারণ সম্পাদকই ডাকতে পারেন। অথচ তাঁকে না জানিয়েই বর্ধিত সভা ডাকা হয়েছে। তিনি আরও বলেন, শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতি দিতে হলে গঠনতন্ত্র অনুযায়ী প্রথমে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। অথচ তা না দিয়েই তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা বলা হচ্ছে। এটি অসাংগঠনিক ও গঠনতন্ত্রবিরোধী সিদ্ধান্ত।
জানতে চাইলে সাংসদ প্রথম আলোকে বলেন, গঠনতন্ত্র অনুসরণ করেই উপজেলা কমিটি তাঁকে পদ থেকে অব্যাহতি দিয়েছে। তিনি আরও বলেন, ‘সোনাতলা উপজেলায় বাড়ি হলেও বিশ্বাস করেই তাঁকে (আলমগীর শাহী) সারিয়াকান্দি আওয়ামী লীগের নেতৃত্বে এনেছিলাম। দলের কাজে লাগাতে চেয়েছিলাম। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য সুপারিশ করেছিলাম। কিন্তু মেয়র পদে বিজয়ী হয়ে বেপোরোয়া হয়ে ওঠেন। দলের নাম ভাঙিয়ে দুর্নীতি, অনিয়ম ও প্রভাব খাটিয়ে অর্থ কামানোসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন। নিজে সৎ রাজনীতি করলেও তিনি আমার চরিত্রে কলঙ্ক লাগিয়েছেন। পৌর ভবনের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ এনেছি। তিনি সস্তায় নিজের নামে জমি কিনে পরে বেশি দামে পৌরসভার কাছে তা বিক্রি দেখিয়েছেন। নানাভাবে দুর্নীতি করেছেন। এত কিছু জেনেও চুপ ছিলাম। কিন্তু সোমবারের বর্ধিত সভায় তৃণমূলের নেতারা তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন।’
তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আলমগীর শাহী বলেন, ‘আমার বিরুদ্ধে দুর্নীতির এত অভিযোগ থাকলে সাংসদ এত দিন ব্যবস্থা নেননি কেন?’
তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতা বলেন, পৌরসভা নির্বাচনের পরপরই এলাকায় রটে যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবদুল মান্নানের প্রতিদ্বন্দ্বী হয়ে দলীয় মনোনয়ন চাইবেন আলমগীর শাহী। এ নিয়ে প্রথমে সাহাদারা মান্নানের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। পরে সাংসদের সঙ্গেও সম্পর্কের চিড় ধরে। এর জেরেই তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।