সার্চ কমিটি নিরপেক্ষ হবে আশা ফখরুলের
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে বলেছেন, রাষ্ট্রপতি যে সার্চ কমিটি গঠন করবেন, সেটা যোগ্য ও নিরপেক্ষ হবে এবং তারা সঠিক নির্বাচন কমিশন গঠন করতে সক্ষম হবে। তিনি বলেন, ‘আমরা অতীতের সব জঞ্জাল মুছে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। একটা সুন্দর স্বপ্নের দিকে এগোতে চাই।’
গতকাল শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জিয়া পরিষদ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি এখনো সার্চ কমিটি ঘোষণা করেননি। আমরা বরাবরই বলেছি, আমরা ইতিবাচক রাজনীতি করি। আমরা বিশ্বাস করি, গণতন্ত্রের জন্য যাঁরা লড়াই করেছেন রাষ্ট্রপতি তাঁদের মধ্যে একজন। তিনি নিঃসন্দেহে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বাংলাদেশের মানুষের চোখের ভাষা বোঝে এমন একটি সার্চ কমিটি গঠন করবেন, যে সার্চ কমিটি অবশ্যই নিরপেক্ষ হবে, যোগ্য হবে এবং সঠিক নির্বাচন কমিশন গঠন করতে সক্ষম হবে।’
বিএনপির মহাসচিব অভিযোগ করেন, পাঠ্যপুস্তক থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা হয়েছে। জিয়ার মাজার সরানোর চেষ্টা করা হচ্ছে। বহু প্রতিষ্ঠান ও স্থাপনায় জিয়ার নাম বদলে দেওয়া হচ্ছে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে সরকার জিয়ার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত করার চেষ্টা করছে।
মির্জা ফখরুল নতুন প্রজন্মকে জিয়া সম্পর্কে আরও বেশি করে জানার আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগ যেখানে ব্যর্থ, জিয়া সেখানে সফল। জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবীর মুরাদের সভাপতিত্বে এই প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান প্রমুখ।