সার্চ কমিটিকে নাম দেওয়া অর্থহীন: খন্দকার মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য দেন খন্দকার মোশাররফ হোসেন
ছবি: প্রথম আলো

সার্চ কমিটিকে নাম দেওয়া অর্থহীন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বর্তমান আইনে সার্চ কমিটিতে থাকা ব্যক্তিরা আওয়ামী লীগের সমর্থক, নির্বাচনেও প্রার্থী ছিলেন।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আলোচনা সভাটির আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এই সার্চ কমিটিকে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে যাঁদের নাম দেওয়া হবে, তাঁরাই নির্বাচন কমিশনার হবেন। এটাতে অংশগ্রহণ করা, এটাতে মাথা ঘামানো আমরা মনে করি অর্থহীন। এ নাটক হচ্ছে এই সরকার আবার ক্ষমতায় টিকে থাকার জন্য, আরেকটি পুরোনো ডাকাতির নির্বাচনের জন্য।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘কিছুদিন আগে সংলাপের নামে নাটক করলেন। আমরা প্রকাশ্যে বলেছি, এ নাটকে অংশ নেব না। আজ প্রমাণিত হয়েছে কি না, প্রেসিডেন্টের সংলাপ ছিল, ওই প্রেসিডেন্ট সংলাপের কোনো অর্থ কিন্তু নেই। কেননা, সরকার আবার জনগণকে ধোঁকা দেওয়ার জন্য একটা আইন করেছে (নির্বাচন কমিশন আইন)। এখন আইন মোতাবেক তারা নির্বাচন কমিশন করার জন্য সার্চ কমিটি করেছে। প্রেসিডেন্ট বলেছিলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে সার্চ কমিটি করবেন। প্রেসিডেন্ট করেছেন? করেননি। ওই আইন করেছে।’

বর্তমান সরকারকে দ্রুত পদত্যাগের আহ্বান জানিয়ে নির্দলীয়, নিরপেক্ষ একটি নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। কেননা, তাদের অধীনে বিগত দুটি নির্বাচনে প্রমাণিত হয়েছে যে সুষ্ঠু নির্বাচন হয় না। জনগণ ভোট দিতে পারেন না। সেই নির্বাচনে যাওয়ার কোনো অর্থ হয় না।

১০ বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন না দেওয়া সম্পর্কে খন্দকার মোশাররফ হোসেন বলেন, নিশ্চয়ই সাগর–রুনি সরকারের এমন কোনো গুপ্ত সংবাদ জেনেছিলেন, যার জন্য তাঁদের হত্যা করা হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশ করলে এমন কিছু তথ্য প্রকাশিত হবে, যে তথ্য এই সরকারের জন্য সুখকর হবে না।

সম্প্রতি গণমাধ্যমে সংবাদ বের হয় যে পুলিশ সদস্যদের জন্য বালিশের কভারসহ বিছানার চাদর কেনা হবে। স্থানীয় ঠিকাদারের সরবরাহ করতে যাওয়া এসব পণ্যের মান পরীক্ষা করতে জার্মানি যাওয়ার অনুমতি নিয়েছেন পুলিশপ্রধান বেনজীর আহমেদ। এ বিষয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এই যুগে কোথাও গিয়ে রং পরীক্ষা করতে হয়? সেকেন্ডের মধ্যে ইন্টারনেটে রং সামনে চলে আসে। আমি এই রং পছন্দ করি, সেকেন্ডের মধ্যে এই মতামত দেওয়া যায়। এটা এখন জার্মানিতে যেতে করতে হবে। আমরা দেখতে চাই, আসল উদ্দেশ্য কী?’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা পর্যায়ে সমাবেশ শুরু হয়েছিল। করোনার কারণে তা স্থগিত ছিল। এ বিষয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা আবার শুরু করব। আমরা একটা জাতীয় ঐক্য সৃষ্টি করতে চেষ্টা করছি। যার যার অবস্থান থেকে প্রয়োজনে যুগপৎভাবে একই ইস্যুতে আমরা আন্দোলন করব।’

শেখ হাসিনা যা বলবেন, নির্বাচন কমিশন সেটাই করবে বলে মন্তব্য করেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশন জানি না, শেখ হাসিনার সরকার জানি না। বিএনপিকে আমরা আহ্বান করেছি, বিএনপি কাজ শুরু করেছে বৃহত্তর ঐক্যজোটের। কে জামায়াত, কে বিএনপি, কে মুসলিম, কে ডান, কে বাম—এটা কথা না। যাঁরা শেখ হাসিনার পতন চান, সবাইকে নিয়ে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। সে আন্দোলন যুগপৎ হোক, সে আন্দোলন একসঙ্গে হোক—সেটা নির্ধারণ করবে বিএনপি। আমরা বিএনপির সঙ্গে থাকব।’

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুর রকিব বলেন, ‘আপনারা প্রোগ্রাম (কর্মসূচি) দেন। কী প্রোগ্রাম দেন, বিষয় নয়। জাতিকে উদ্ধারের একমাত্র পথ, আপনারা খালেদা জিয়াকে মুক্ত করেন। শেখ হাসিনা দেশ ছাড়বেন। বহু হয়েছে। আর না।’