সার্চ কমিটির জন্য নামের তালিকা দেবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এ লক্ষ্যে দলটি সম্ভাব্য সার্চ কমিটির জন্য বিশিষ্ট ব্যক্তিদের একটি তালিকা তৈরির কাজ করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বিএনপির ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আলোচনায় বিএনপি নতুন ইসি গঠনের লক্ষ্যে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি গঠন করতে রাষ্ট্রপতির কাছে পাঁচ-ছয়জন বিশিষ্ট নাগরিকের নাম প্রস্তাব করবে। তবে তাঁদের নাম এখনো চূড়ান্ত করা হয়নি। দলের নীতিনির্ধারকদের একটি অংশ এ লক্ষ্যে কাজ শুরু করেছে।

এ প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ দলের একাধিক সূত্র জানায়, বিএনপি আক্ষরিক অর্থেই একটি সাহসী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন চায়। এর প্রথম ধাপ হচ্ছে দলীয় প্রভাবমুক্ত সার্চ কমিটি গঠন। এ কারণে বিএনপির শীর্ষ নেতৃত্ব বিতর্কমুক্ত এবং দলীয় রাজনীতির সংশ্লেষ নেই এমন বিশিষ্ট ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি গঠন করার প্রস্তাব দেবেন রাষ্ট্রপতিকে। জানা গেছে, সম্ভাব্য ওই সার্চ কমিটিতে একাধিক সাবেক প্রধান বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, অবসরপ্রাপ্ত সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার নাম প্রস্তাব করা হবে। এ ছাড়া দলের নীতিনির্ধারকেরা সার্চ কমিটিতে নারী প্রতিনিধিত্ব রাখতে এক বা একাধিক বিশিষ্ট নারী ব্যক্তিত্বের নাম প্রস্তাবের কথাও বিবেচনায় রেখেছেন বলে জানা গেছে।

বিএনপির সূত্র জানায়, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার প্রস্তুতি নিতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া গত মঙ্গলবার রাতে তাঁর গুলশানের কার্যালয়ে কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার এবং অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত থাকা একটি সূত্র জানায়, গত ১৯ নভেম্বর খালেদা জিয়া নতুন নির্বাচন কমিশন গঠনের রূপরেখা দিয়ে যে ১৩ দফা প্রস্তাব দিয়েছিলেন, সেই আলোকে একটি লিখিত বক্তব্য তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার বিষয়বস্তু নির্দিষ্ট করাসহ সার্বিক বিষয়ে বক্তব্য তৈরি করতে দলের শুভাকাঙ্ক্ষী ও চিন্তাশীল একটি গোষ্ঠী কাজ শুরু করেছে। ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার কথা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘সার্চ কমিটিতে কোন ধরনের ব্যক্তিরা থাকবেন, কাকে কাকে রাখা যায়, সেটা তো চেয়ারপারসনের প্রস্তাবে আছে। সে আলোকেই আমাদের আলোচনা হবে।’

বিএনপির নীতিনির্ধারক একটি সূত্র জানিয়েছে, বিএনপির ১০ সদস্যের প্রতিনিধিদলে খালেদা জিয়াসহ দলের স্থায়ী কমিটির আটজন নেতা থাকবেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল থেকে দুজন সদস্য প্রতিনিধিদলে থাকতে পারেন বলে জানা গেছে।

এলডিপির প্রস্তুতি: বিএনপির পাশাপাশি ২০-দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির আমন্ত্রণ পেয়েছে। ২১ ডিসেম্বর তাদের সঙ্গে আলোচনার দিন ধার্য রয়েছে।

এলডিপির একাধিক সূত্রে জানা গেছে, তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার প্রস্তুতি নিতে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পর দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে বসবেন। সেখানে নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে দলের পক্ষে প্রস্তাব চূড়ান্ত করা হবে। তবে দলীয় একটি সূত্র জানায়, এলডিপি ইসি গঠন প্রক্রিয়ায় হুবহু বিএনপিকে অনুসরণ করবে না। তারা স্বতন্ত্র প্রস্তাব দেবে।

এ বিষয়ে এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রথম আলোকে বলেন, ‘শক্তিশালী নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের বিষয়ে এলডিপির নিজস্ব ভাবনা আছে। আমরা দুটি বিষয়ে রাষ্ট্রপতিকে রূপরেখা দেব।’