সালথা আওয়ামী লীগের দুই নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠন।

গতকাল শুক্রবার সকালে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিবাদ সভায় এ ঘোষণা দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর সম্পর্কে ‘অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে’ উপজেলা আওয়ামী লীগ ও সব অঙ্গ সংগঠনের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়। 

সভায় নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া বলেন, ‘সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর যোগ্য উত্তরসূরি ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর সম্পর্কে সালথা উপজেলার দেলোয়ার হোসেন ও সাব্বির হোসেন চৌধুরী ফরিদপুর সদরসহ বিভিন্ন স্থানে অপপ্রচারের অপচেষ্টা, মিথ্যাচারসহ বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছেন। দেলোয়ার ও সাব্বিরকে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’ প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

১ নভেম্বরফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী আয়মন আকবরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাঁকে স্থানীয় রাজনীতি থেকে অপসারণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

নগরকান্দায় অবাঞ্ছিত ঘোষণার বিষয়ে জানতে চাইলে দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা জোরালোভাবে বলছি, ১ নভেম্বরের সংবাদ সম্মেলনে আয়মন আকবরের বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তারসবই সত্য।’