ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হলেও নতুন কমিটি ঘোষণা করা হয়নি। তবে নগরকান্দা উপজেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে নগরকান্দার লস্করদিয়ায় বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের বাসভবন প্রাঙ্গণে সালথা উপজেলা বিএনপির সম্মেলন উদ্বোধন করেন শামা ওবায়েদ ইসলাম। এতে সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার।
সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সহ-শিল্পবিষয়ক সম্পাদক জহিরুল হক প্রধান অতিথি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোদাররেস আলী ইসা ও সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।
শামা ওবায়েদ বলেন, ‘নগরকান্দা-সালথা উপজেলার জনগণকে এখন চলতে হচ্ছে মামা আর কাকার আদেশ নিয়মে।’ তিনি আরও বলেন, সরকারি দলের কারণে আজ তাঁদের সব নেতা-কর্মী মামলা-হামলায় ঘর ছাড়া। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। এর আগে গত বৃহস্পতিবার একই জায়গায় অনুষ্ঠিত হয় নগরকান্দা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। গতকালের সম্মেলনের পর সালথার কমিটি ঘোষণা করা না হলেও একই মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয় নগরকান্দা উপজেলার পাঁচ সদস্যের নাম। ওই কমিটিতে লিয়াকত আলীকে সভাপতি, হাবিবুর রহমানকে সহসভাপতি, মো. সাইফুল রহমানকে সম্পাদক, শওকত শরিফকে সাংগঠনিক ও রফিকুল ইসলামকে যুগ্ম সম্পাদক করা হয়েছে।
সভায় জানানো হয়, এই সদস্যরা পরে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেবেন। সভায় আরও জানানো হয়, পরবর্তী সময়ে জেলা কমিটি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শামা ওবায়েদ ইসলাম সালথার কমিটি ঘোষণা দেবেন।