সালথায় আ.লীগ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা
ফরিদপুরের সালথায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীকে সালথায় অবাঞ্ছিত ঘোষণা করেছে তার নিজ দল আওয়ামী লীগ। গতকাল রোববার সন্ধ্যায় সালথা বাজার বাইপাস সড়কে এক সমাবেশে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সালথা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক টুটু চৌধুরীর মুক্তির দাবিতে এ সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সাহিদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ওরফে ফকির মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হাসান খান, গট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মো. খায়রুজ্জামান প্রমুখ।
ওই সভায় বক্তারা অভিযোগ করেন, সাব্বির চৌধুরী উপজেলার বাইরের নেতাদের সঙ্গে যোগসাজশে এলাকায় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত হয়ে দলের ক্ষতি করছেন বিধায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
‘অবাঞ্ছিত ঘোষণার বিষয়টি আমি শুনেছি’ মন্তব্য করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী বলেন, ‘কেন আমাকে সালথায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, তা আমার জানা নেই।’ তিনি বলেন, ‘আমি সংগঠনবিরোধী কোনো কর্মকাণ্ডে যুক্ত নই।’