সালাহ উদ্দিন নিখোঁজের ঘটনায় গণতান্ত্রিক বাম মোর্চার উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এই উদ্বেগ জানিয়ে মোর্চার নেতারা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। কোনো ব্যক্তির সাংবিধানিক ও নাগরিক অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব। কিন্তু এ ক্ষেত্রে সরকার ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে।
দমন-পীড়ন, গুম-খুন, রাষ্ট্রীয় সন্ত্রাস ও পেট্রলবোমা বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। জনগণের জান-মালের নিরাপত্তা ও রাজনৈতিক সংকট সমাধানে নির্বাচনী পরিবেশ সৃষ্টির দাবিও জানানো হয় সমাবেশে।
বাম মোর্চার কেন্দ্রীয় নেতা আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাইফুল হক, শুভ্রাংশু চক্রবর্ত্তী, আবদুস সাত্তার, মোশরেফা মিশু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একদিকে পেট্রলবোমায় মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। অন্যদিকে গুম, খুন, গণপিটুনি ও ক্রসফায়ারের নামে রাষ্ট্রীয় সন্ত্রাস ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। লাগাতার অচলাবস্থায় দেশের সাধারণ মানুষের আয়-রোজগারের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। কৃষক উৎপাদিত ফসলের মূল্য পাচ্ছেন না।
বক্তারা আরও বলেন, মানুষের স্বার্থে অবিলম্বে সরকার ও আন্দোলনরত বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে নিজ নিজ অবস্থান থেকে ফিরে আসতে হবে।
সমাবেশ শেষে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালিত হয়। বিজ্ঞপ্তি।