সালাহ উদ্দিন নিখোঁজে 'সরকার জড়িত', অভিযোগ শওকতের

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার সঙ্গে ‘সরকার জড়িত’ বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ।
আজ সোমবার দুপুরে সালাহ উদ্দিন আহমেদের গুলশানের বাসায় বিএনপি-সমর্থক পেশাজীবীদের সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদের একটি প্রতিনিধি দল সালাহ উদ্দিনের পরিবারকে সমবেদনা জানাতে যায়। এ সময় শওকত মাহমুদ এই অভিযোগ করেন।
শওকত মাহমুদ বলেন, সালাহ উদ্দিন আহমেদের পরিবারের কাছে প্রমাণ আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তাঁকে তুলে নিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে জিডি করতে গেলে থানা তা গ্রহণ করেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতে যে প্রতিবেদন দিয়েছে, তা সালাহ উদ্দিনের আইনজীবীকে দেওয়া হয়নি। সর্বোপরি সরকারের নীরবতা, এসবে প্রমাণিত হয় সরকার এ ঘটনার সঙ্গে জড়িত। সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ আবারও দাবি করেন, তাঁর স্বামীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় জনসমক্ষে হাজির করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, আ. ন. হ আখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।