সালাহ উদ্দিন সব ভুলে যাচ্ছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিলংয়ে সালাহ উদ্দিন
শিলংয়ে সালাহ উদ্দিন

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ নাকি কোনো কিছুই মনে রাখতে পারছেন না। একটু আগে যা বলছেন, কিছুক্ষণ পরেই তা ভুলে যাচ্ছেন। বিএনপির একজন নেতা গতকাল রোববার তাঁর সঙ্গে দেখা করে হাসপাতাল থেকে বেরিয়ে এ কথা জানিয়েছেন। তবে সালাহ উদ্দিনের চিকিৎসক জানিয়েছেন, তিনি স্বাভাবিকই আছেন। হাসপাতালে তাঁর যথাযথ চিকিৎসা চলছে।
এদিকে সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ ভিসা পেয়েই গতকাল রাতে শিলংয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। তাঁর পারিবারিক সূত্র জানায়, হাসিনা ও তাঁর বোনের স্বামী আকাশপথে কলকাতা রওনা হয়েছেন। দু-এক দিন পর বিএনপি-সমর্থক চিকিৎসক ফাওয়াজ শুভ তাঁদের সঙ্গে যোগ দিতে পারেন।
গতকাল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র প্রথম আলোকে জানায়, রাত ৯টা ৪০ মিনিটে ঢাকা থেকে এয়ার
ইন্ডিয়ার একটি ফ্লাইটে হাসিনা আহমদ এবং মাহবুব কবির নামের একজন ঢাকা ছাড়েন।
বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ গতকাল দুপুরে শিলংয়ে গণমাধ্যমকর্মীদের বলেন, গতকাল দুপুরে সালাহ উদ্দিন আহমদের সঙ্গে তিনি দেখা করেছেন। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি কোনো কথা মনে রাখতে পারছেন না। মানসিক বিপর্যয়ের রেশ এখনো রয়ে গেছে। ওনার কথা জড়িয়ে যাচ্ছে এবং স্পষ্ট করে উনি কিছু বলতে পারছেন না। বারবার শুধু জানতে চাইছেন, স্ত্রী কখন আসবে।
লতিফ জানান, সালাহ উদ্দিন আহমদের পায়ে আঙুলের চাপ দিলে তা বসে থাকছে। ওনার কিডনির অবস্থা খুবই খারাপ। গত তিন দিনে ওনার কিডনির অনেকগুলো পরীক্ষা করা হয়েছে। আজকে পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর এ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সালাহ উদ্দিন আহমেদকে উদ্ধৃত করে আবদুল লতিফ বলেন, এখানকার কর্তৃপক্ষ তাঁকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সিঙ্গাপুরের মতো আধুনিক যন্ত্রপাতি ও অবকাঠামো সুবিধা এখানে নেই। তাই ওনার যে শারীরিক সমস্যা, তা দূর করতে এখানে পর্যাপ্ত চিকিৎসা পাওয়া নিয়ে তিনি সন্দিহান।
আইনি প্রক্রিয়া সম্পর্কে লতিফ জানান, এ বিষয়ে স্থানীয় আইনজীবীদের সঙ্গে অনানুষ্ঠানিক কথা হয়েছে। তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র হাতে পাওয়া এবং সালাহ উদ্দিন আহমদের স্ত্রীর সঙ্গে কথা বলার আগে এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না।
গত মঙ্গলবার থেকে শিলং সিভিল হাসপাতালে হৃদ্রোগ বিশেষজ্ঞ জি কে গোস্বামীর তত্ত্বাবধানে সালাহ উদ্দিন আহমদের চিকিৎসা চলছে। গতকাল আবদুল লতিফের বক্তব্যের পর প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয় গোস্বামীর সঙ্গে। তিনি বলেন, সালাহ উদ্দিন স্বাভাবিকই আছেন।
জি কে গোস্বামী প্রথম আলোকে বলেন, ‘সালাহ উদ্দিন কথা ভুলে যাচ্ছেন, শনিবার হাসপাতালে তাঁকে দেখে এমনটা তো মনে হয়নি। তাঁর কাছে যা যা জানতে চেয়েছি, তিনি স্বতঃস্ফূর্তভাবে সব প্রশ্নের উত্তর দিয়েছেন। তা ছাড়া গতকাল তাঁর যদি গুরুতর শারীরিক সমস্যা দেখাই দিত, নিশ্চয়ই হাসপাতাল থেকে আমাকে ডাকা হত। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সালাহ উদ্দিনের জন্য আমাকে ফোন করা হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁর নিয়মিত শুশ্রূষার দায়িত্ব পালন করছেন।’
গোস্বামী জানান, সালাহ উদ্দিনের সর্বশেষ শারীরিক অবস্থা জানতে হলে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। গত মঙ্গলবার তাঁর ইসিজি করানো হয়েছে। তাঁর কিডনিসহ আরও কয়েকটি পরীক্ষা করানো হয়েছে।
এদিকে সাত দিন পেরিয়ে গেলেও অনুপ্রবেশের অভিযোগে বিএনপি নেতাকে কবে আদালতে নেওয়া হচ্ছে, সেটি কেউ নিশ্চিত করে বলছেন না। পুলিশ সূত্রে জানা গেছে, চিকিৎসকের ছাড়পত্র পাওয়া গেলে আজ সোমবার তাঁকে আদালতে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
গত সোমবার ভোরে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের গলফ-লিংক এলাকায় উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরির সময় স্থানীয় লোকজনের ফোন পেয়ে পুলিশ সালাহ উদ্দিন আহমদকে গ্রেপ্তার করে বলে জানানো হয়। তবে শিলংয়ে তিনি কীভাবে পৌঁছালেন, গত সপ্তাহেও সেই রহস্য উদ্ঘাটন হয়নি।