বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন বলেছেন, বিএনপির নিখোঁজ নেতা সালাহ উদ্দিন আহমদকে অচিরেই ফিরে পাওয়া যাবে বলে তাঁরা আশাবাদী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠকের পর তাঁদের মধ্যে এই আশাবাদ তৈরি হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহবুবউদ্দিন এসব কথা বলেন। এর আগে বিকেলে মাহবুবউদ্দিনসহ বিএনপির আইনজীবী নেতাদের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠকের বিষয় জানাতে পরে এই সংবাদ সম্মেলন করা হয়।
মাহবুবউদ্দিন খোকন বলেছেন, তাঁদের বিশ্বাস দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ জীবিত আছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো না কোনো বাহিনীর কাছে আছেন। ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকের পর তাঁরা আশাবাদী হয়েছেন যে অচিরেই তাঁরা সালাহ উদ্দিনকে ফিরে পাবেন।
সালাহ উদ্দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো না কোনো বাহিনীর কাছে আছেন, এমন কথা ডিএমপি কমিশনার স্বীকার করেছে কি না—এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি বিএনপির এই নেতা। তবে তিনি বলেন, সালাহ উদ্দিন অন্য কোনো সংস্থার কাছে আছে কি না, তা পুলিশ তদন্ত করছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির আইনজীবী নেতা মাসুদ তালুকদার, সানাউল্লাহ মিয়া, খোরশেদ মিয়া আলম, বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে একদল লোক সালাহ উদ্দিন আহমদকে
তুলে নিয়ে যায় বলে তাঁর পরিবারের অভিযোগ। সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ স্বামীর সন্ধান পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে
গত ৭ এপ্রিল ও ১৯ মার্চ দুই দফায় স্মারকলিপি দেন। উচ্চ আদালতে রিট আবেদনও করেছেন তিনি।