সালাহ উদ্দিনকে খোঁজাখুঁজির উদ্যোগও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাহ উদ্দিন আহমদ: নিখোঁজ হওয়ার ২৮ দিন
সালাহ উদ্দিন আহমদ: নিখোঁজ হওয়ার ২৮ দিন

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ নিখোঁজের ২৮ দিন পার হলেও ন্যূনতম কোনো তথ্য মেলেনি। দৃশ্যত খোঁজাখুঁজির কোনো আয়োজনও নেই। পরিবার বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সালাহ উদ্দিনকে ধরে নিয়ে গেছে, সে বিষয়ে তারা নিশ্চিত। তবে বিভিন্ন জায়গায় দেনদরবার করেও কোনো তথ্য পায়নি পরিবার।
গত ১০ মার্চ উত্তরার একটি বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা সালাহ উদ্দিনকে ধরে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সে সময় ওই বাসার সামনে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক গাড়ি ছিল।
সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আমরা বারবার বলছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে ধরে নিয়ে গেছে। কিন্তু কেউ কিছু শুনছে বলে মনে হচ্ছে না। তাঁকে ধরে নিয়ে যাওয়ার আগে একাধিকবার আমার বাড়িতে পুলিশ এসে সার্চ করেছে। তাঁর বিষয়ে তথ্য নিতে তাঁকে ধরার আগে আমার তিন কর্মচারীকেও ধরে নিয়ে গেছে। এত কিছুর পরেও কারও বুঝতে বাকি থাকে না কারা তাঁকে ধরে নিয়েছে। আর সরকার সমানে অস্বীকার করে যাচ্ছে। আমি সবাইকে বলেছি, সবার কাছে অনুরোধ করেছি তাঁকে বের করে দিতে। কিন্তু কেউ শুনছে না। বিএনপির সব নেতাকে ধরে জেলে ঢোকানো হলো, আর তাঁকে কেন গায়েব করে দেওয়া হলো সেটাও বুঝতে পারছি না।’
হাসিনা আহমদ জানান, সালাহ উদ্দিন আহমদ নিখোঁজের তিন দিন আগে ৭ মার্চ তাঁর দুই গাড়িচালক শফিক ও খোকনকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি। একই দিনে বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয় সালাহ উদ্দিনের ব্যক্তিগত সহকারী ওসমান গণিকে। তাঁরা তিনজন এখনো কারাগারে রয়েছেন।

আরও পড়ুন