‘নিখোঁজ’ হওয়া বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষ্ঠুর পরিহাস করেছেন বলে মনে করে বিএনপি। অবিলম্বে সালাহ উদ্দিনের ‘মুক্তি’ কিংবা আদালতে হাজিরের জন্য সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে দলটি।
গতকাল রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা দলীয় বক্তব্য তুলে ধরে এ আহ্বান জানান। সালাহ উদ্দিন আহমদের ‘নিখোঁজে’র পর তিনিই বিএনপির পক্ষে বিবৃতিতে পাঠাচ্ছেন।
সালাহ উদ্দিন আহমদের ‘নিখোঁজ’ হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে পেশাজীবী মহাসমাবেশে বলেছিলেন, ‘তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা তাঁকে অ্যারেস্ট করার জন্য খুঁজছি। তিনি কোথায়, তার জবাব খালেদা জিয়াই দিতে পারবেন। সালাহ উদ্দিন আন্ডারগ্রাউন্ডে থেকে বিবৃতি দিচ্ছিলেন। কিন্তু সবাই জানে, তিনি ওখান থেকেই (গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়) বিবৃতি দিয়েছেন। আট বস্তা ময়লার সঙ্গে তাঁকেও কোথাও পাচার করে দিয়েছেন কি না, সে জবাব খালেদা জিয়াই দিতে পারবেন।’
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে বিবৃতিতে বরকত উল্লা বলেন, ‘সালাহ উদ্দিনকে খালেদা জিয়া ময়লার বস্তায় পাচার করে দিয়ে থাকতে পারেন বলে প্রধানমন্ত্রী যে অবাস্তব, আজগুবি ও নিষ্ঠুর পরিহাস করেছেন, এর নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।’ তিনি বলেন, দেশবাসী তাঁর কাছ থেকে দায়িত্বশীল বক্তব্য আশা করে; দায়িত্বহীন ও বিকৃত মানসিকতার মশকরা নয়। এমন একটি গুরুতর বিষয় নিয়ে এ ধরনের বিদ্রূপাত্মক উক্তি করে সরকার তার দায় এড়াতে পারে না।