সালাহ উদ্দিনকে ফিরিয়ে দেওয়ার দাবি খালেদা জিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল রোববার এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘সালাহ উদ্দিন বিএনপির মতো একটি বৃহত্তম রাজনৈতিক দলের অন্যতম যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী। তাঁর মতো একজন গুরুত্বপূর্ণ নাগরিককে দীর্ঘদিন গায়েব করে রেখে যদি সরকার ও রাষ্ট্রীয় প্রশাসন নির্বিকার থাকতে পারে, তাহলে সাধারণ নাগরিকদের নিরাপত্তা কোথায়? দেশে আইন ও প্রাতিষ্ঠানিকতা কি বিলুপ্ত হয়ে গেছে? কাউকে কি কখনো কোনো কিছুর দায় নিতে বা জবাবদিহি করতে হবে না ?’
খালেদা জিয়া বলেন, সালাহ উদ্দিনের জন্য তাঁর পরিবারের এবং দলের সবার উৎকণ্ঠা দিন দিন আরও গভীর হচ্ছে। তাঁর স্ত্রী হাসিনা আহমদ প্রধানমন্ত্রীর কাছে বারবার আবেদন করছেন তাঁর স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু প্রধানমন্ত্রী সালাহ উদ্দিনকে নিয়ে নিষ্ঠুর কটাক্ষ করলেও তাঁকে ফিরিয়ে দেওয়ার কোনো উদ্যোগ নেননি। সালাহ উদ্দিনের স্ত্রী থানায় মামলা করতে গেলেও মামলা নেওয়া হয়নি। যদিও পুলিশ নিজে থেকে একটা জিডি করেছে, কিন্তু উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও তাঁর সন্ধান আজও দেওয়া হয়নি।
দুই মাস আগে উত্তরার একটি বাসা থেকে সালাহ উদ্দিনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে বলে তাঁর পরিবার ও দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা অস্বীকার করে আসছে।
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের সই করা বিবৃতিতে খালেদা জিয়া আরও বলেন, ‘আমি গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করছি যে বিএনপির অন্যতম শীর্ষস্থানীয় নেতা সালাহ উদ্দিন আহমদকে রাজধানীর উত্তরা এলাকার একটি বাসা থেকে আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা ধরে নিয়ে যাওয়ার পর দুই মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাঁর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। শেখ হাসিনার শাসনামলে বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ ইলিয়াস আলী, ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর চৌধুরী আলম, সাবেক সাংসদ সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজ এবং ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন ও সিলেটের ছাত্রনেতা ইফতেখার আহমদ দিদারসহ বিরোধী দলের বহু নেতা-কর্মীকে বলপূর্বক গায়েব করে ফেলা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তাঁদের আটক করে নিয়ে যাওয়ার পর থেকে দীর্ঘদিনেও তাঁদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।’