সালাহ উদ্দিনকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, তাঁদের দলের নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের। তাঁকে ফিরিয়ে না দিলে সন্দেহ আরও বাড়বে।
আজ শুক্রবার বিকেলে সালাহ উদ্দিনের গুলশানের বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সহমর্মিতা জানান মওদুদ। সালাহ উদ্দিনের জন্য তাঁর স্ত্রীর আইনি লড়াইয়ে আইনজীবী হিসেবে আদালতে দাঁড়িয়েছেন মওদুদ।
গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে সালাহ উদ্দিনকে তুলে নেওয়া হয় বলে তাঁর স্ত্রী ও দল দাবি করে আসছে। অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বিষয়টি অস্বীকার করেছে। তাঁর স্ত্রী উচ্চ আদালতে রিটও করেছেন। রিটের রায় এখনো দেওয়া হয়নি। আজ শুক্রবার সালাহ উদ্দিন নিখোঁজ হওয়ার এক মাস পূর্ণ হলো।
মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, সালাহ উদ্দিনকে অপহরণের কথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্বীকার করছে। সরকারকেই তাঁকে খুঁজে বের করতে হবে। না হলে একজন রাজনীতিবিদকে খুঁজে বের করার ব্যাপারে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠবে।