সালাহ উদ্দিনকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান স্ত্রী
বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁর স্ত্রী হাসিনা আহমদ। তিনি আবারও দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তাঁর স্বামীকে তুলে নিয়ে গেছেন।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসিনা আহমদ প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। সালাহ উদ্দিনের সন্ধান, নির্বিচারে গণগ্রেপ্তার, গুম-খুন-অপরহরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, শান্তি প্রতিষ্ঠায় দ্রুত সংলাপ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে নাগরিক সমাজ।
সংবাদ সম্মেলনে হাসিনা আহমদ বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী আমার স্বামীকে তুলে নিয়ে গেছে। কাজেই আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তাঁকে জনসমক্ষে হাজির করা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার বিনীতভাবে আবেদন করছি, উনি যেন আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তারা যেভাবে আমার স্বামীকে তুলে নিয়ে গেছে, ঠিক সেভাবেই যেন তাঁকে অক্ষত অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে দেয়।’
হাসিনা আহমদ বলেন, তিনি শুধু একটি খবরই জানতে চান, তাঁর স্বামী কোথায় আছেন? তিনি স্বামীকে ফিরে পেতে সবার সহায়তা চান। কান্নাজড়িত কণ্ঠে হাসিনা আহমদ বলেন, সুসংবাদের আশায় তাঁরা এক অসম্ভব অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছেন। ছেলেমেয়েরা জানতে চায়, কখন তাদের বাবা ফিরে আসবে। তিনি বলেন, ‘আল্লাহর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে, আমার স্বামীকে তিনি অক্ষত অবস্থায় ফিরিয়ে দেবেন।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আখতার আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিরাজ উদ্দিন আহমেদ প্রমুখ।
গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে সালাহ উদ্দিনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন বলে দাবি তাঁর স্ত্রী হাসিনা আহমদ ও বিএনপির। অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এ অভিযোগ অস্বীকার করে আসছে। আদালতের একটি রুলের পরিপ্রেক্ষিতে তারা আদালতকে জানিয়েছে, সালাহ উদ্দিনের কোনো খোঁজ তাদের কাছে নেই।