সালাহ উদ্দিনকে ফেরত দিতে আবার সরকারের কাছে দাবি

বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে অক্ষত ফেরত দিতে আবারও সরকারের কাছে দাবি জানিয়েছে তাঁর পরিবার ও দল। গতকাল শনিবার বিকেলে বিএনপির একটি প্রতিনিধিদল সালাহ উদ্দিনের বাসায় যায়। সেখানে তাঁরা এ দাবি জানান।
বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বলেন, বিএনপি প্রত্যাশা করে সরকার উচ্চ আদালতের নির্দেশক্রমে নিখোঁজ সালাহ উদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফেরত দেবে। তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা বাহিনী বিদেশে শান্তি মিশনে কাজ করে সুনাম অর্জন করছে। সেখানে সালাহ উদ্দিন আহমদকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে হত্যা করবে, তা ভাবা যায় না। ভাবতেও চাই না।’
সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ বলেন, ‘পেছনের দিকে ফিরে তাকাতে চাই না। কী কারণে আমার স্বামীকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়েছে, তাও জানতে চাই না। আমি আগেও বলেছি এখনো বলছি, আমার স্বামীকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়া হোক।’
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান উপস্থিত ছিলেন।
গত ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহ উদ্দিন আহমদ নিখোঁজ হন। বিএনপি ও সালাহ উদ্দিনের পরিবারের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে তুলে নিয়ে গেছে।