সালাহ উদ্দিনের ঘটনায় মন্ত্রীরা 'ডুগডুগি' বাজাচ্ছেন, অভিযোগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাস ধরে নিখোঁজ থাকা দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে নিয়ে বিএনপি কোনো মিথ্যাচার করেনি বলে দাবি করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। তিনি অভিযোগ করেন, সরকারের কয়েকজন মন্ত্রী এ নিয়ে ‘ডুগডুগি’ বাজাচ্ছেন।

আজ বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রিপন এ কথা বলেন। সালাহ উদ্দিন আহমদের সন্ধানের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, সালাহ উদ্দিনের সন্ধান পাওয়া গেছে, এতে তারা খুশি।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান মানব পাচার রোধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। সরকারের উদ্দেশে তিনি বলেন, বিএনপি মনে করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডের সঙ্গে আলোচনা করে মানবপাচার রোধে সরকার উদ্যোগ নেবে। এ ছাড়া সংসদে আইন করে প্রয়োজনে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। এ বিষয়ে বিএনপি সরকারকে সহযোগিতা করবে।
এদিকে সালাহ উদ্দিনের পরিবার সূত্র জানায়, তাঁরা আশা করছেন কাল সকালের মধ্যে তাঁরা ভারতের ভিসা পাবেন। সে ক্ষেত্রে তাঁর স্ত্রী কালই শিলংয়ের উদ্দেশে রওনা হবেন। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের একটি সূত্র জানায়, সালাহ উদ্দিনের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনার জন্য দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান কাজ করছেন। আজ তিনি ঢাকায় ভারতীয় হাইকমিশন কার্যালয়েও গিয়েছেন। এ ছাড়া আইনি বিষয় দেখার জন্য আইনজীবী নেতা জয়নুল আবদিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।