সালাহ উদ্দিনের জামিন আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের জামিনের আবেদন গতকাল শুক্রবার খারিজ করে দিয়েছেন শিলংয়ের নিম্ন আদালত। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিতে জামিন চেয়েছিল পরিবার।
সালাহ উদ্দিনের আইনজীবী এস পি মাহান্তো গতকাল রাতে প্রথম আলোর কাছে জামিনের আবেদন খারিজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ২২ মে জামিনের আবেদন জানান তাঁর স্ত্রী হাসিনা আহমদ। ওই দিন প্রাথমিক শুনানির পর কোনো আদেশ দেননি আদালত।
এদিকে নেগ্রিমসে চিকিৎসাধীন সালাহ উদ্দিন আহমদের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনগুলো পর্যালোচনা করেছেন সেখানকার চিকিৎসকেরা। আপাতত তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি। আগামী কয়েক দিন শারীরিক অবস্থা এ রকম থাকলে আগামী সপ্তাহে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।
জানতে চাইলে নেগ্রিমসের (নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস) ভারপ্রাপ্ত সুপার ভাস্কর বর্গাইন প্রথম আলোকে বলেন, গত বুধবার থেকে এ পর্যন্ত সালাহ উদ্দিনের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনগুলো পর্যালোচনা করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি না হলেও তাঁর হৃদ্রোগ ও মূত্রনালির সংক্রমণ রয়েছে। এ কারণে তাঁকে আরও কয়েক দিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা উচিত।
আগামী সপ্তাহে সালাহ উদ্দিন আহমদকে হাসপাতাল থেকে ছাড়ার অনুমতিপত্র দেওয়া হবে কি না, জানতে চাইলে ভাস্কর বর্গাইন বলেন, এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব না কখন তাঁকে ছাড়া হবে।
সালাহ উদ্দিন আহমদের পক্ষে জামিন আবেদনে বলা হয়, তাঁকে অপহরণের অভিযোগে পরিবারের পক্ষ থেকে বাংলাদেশে মামলা করতে চাইলে পুলিশ তাতে রাজি হয়নি। এরপর তাঁর পরিবার হাইকোর্টে যায়। এরপর হাইকোর্ট সালাহ উদ্দিনের তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রতি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেন।
জামিন আবেদনের শুনানিতে সালাহ উদ্দিন আহমদের আইনজীবী বলেন, তাঁর মক্কেল অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানো জরুরি।
সরকারপক্ষের কৌঁসুলি জামিনের বিরোধিতা করে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পুলিশ এখনো সালাহ উদ্দিনের বিষয় নিয়ে তদন্ত করতে পারছে না। এমন পরিস্থিতিতে জামিন দেওয়া সম্ভব নয়।
এদিকে নেগ্রিমসের পরিচালক এ জে এহেনগার এই প্রতিবেদককে বলেন, চিকিৎসাধীন থাকায় সালাহ উদ্দিনকে জিজ্ঞাসাবাদ শুরু করেনি পুলিশ। চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা ঠিক হবে না।