সালাহ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে গতকাল বুধবার অভিযোগপত্র দিয়েছে শিলং পুলিশ। শিলংয়ে অনুপ্রবেশের ২৩ দিন পর বিএনপির যুগ্ম মহাসচিবের বিরুদ্ধে ভারতের ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬-এর ১৪ ধারা অনুযায়ী অভিযোগপত্র দেওয়া হলো। এই আইনে দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ পাঁচ বছরের শাস্তির বিধান রয়েছে।
শিলংয়ের পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, পাস্তুর পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা পি লামারে ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগপত্র দেন।
গত ১১ মে শিলংয়ের গলফ লিংক এলাকায় সালাহ উদ্দিন আহমদকে উদ্ভ্রান্তের মতো ঘুরতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। এরপর পুলিশ তাঁকে পাস্তুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরে তাঁকে মানসিক হাসপাতাল মিমহানস, সিভিল হাসপাতাল হয়ে নেগ্রিমসে (নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস) পাঠানো হয়। অবশ্য নেগ্রিমস থেকে তাঁকে এক দিনের পুলিশি হেফাজতে রাখার পর ২৭ মে আদালতে হাজির করা হলে তাঁকে আইনি হেফাজতে (কারাগারে) পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে অসুস্থ হওয়ায় ওই দিন রাতেই তাঁকে আবার পাঠানো হয় নেগ্রিমসে।