সালাহ উদ্দিনের সঙ্গে স্ত্রীর দেখা, নিতে চান তৃতীয় দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসিনা আহমেদ
হাসিনা আহমেদ

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে উন্নত চিকিৎসার জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে তৃতীয় দেশে নিতে চায় পরিবার। আজ সোমবার রাতে ভারতের মেঘালয়ের শিলংয়ে অবস্থিত সিভিল হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করার পর তাঁর স্ত্রী হাসিনা আহমদ গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন।
প্রায় আড়াই মাস পর সালাহ উদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রীর দেখা হলো। হাসিনা আহমদ স্থানীয় সময় রাত সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত সিভিল হাসপাতালে স্বামীর ওয়ার্ডে ছিলেন।
হাসিনা আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমি ভারত সরকারের কাছে খুব বেশি কৃতজ্ঞ। সাথে এখানকার স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও খুব বেশি কৃতজ্ঞ। কারণ, তারা আমার স্বামীকে আশ্রয় দিয়েছে এবং তাঁকে চিকিৎসা সেবা দিচ্ছে। আমার স্বামী খুব বেশি অসুস্থ। আমরা চেষ্টা করব উনাকে উন্নত চিকিৎসার জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে তৃতীয় কোনো দেশে নিয়ে যাওয়ার জন্য।’
আইনগত বিষয় নিয়ে সালাহ উদ্দিনের সঙ্গে কোনো কথা হয়েছে কি না—জানতে চাইলে হাসিনা আহমদ বলেন, ‘উনি যেহেতু অসুস্থ, তাই উনার সঙ্গে আজ খুব বেশি কথা বলতে পারিনি। কাল সকালে আমি আবার আসব। উনার সঙ্গে কথা বলে বিষয়টি ঠিক করব।’

আইনজীবী নিয়োগ চূড়ান্ত হয়েছে কি না—জানতে চাইলে সালাহ উদ্দিনের স্ত্রী বলেন, ‘কাল আসার সময় আইনজীবী নিয়ে আসার চেষ্টা করব। এ নিয়ে উনার সঙ্গে কথা বলব।’

হাসিনা আহমদ চলে যাওয়ার পর সালাহ উদ্দিনের চিকিৎসক হৃদরোগ বিশেষজ্ঞ জি কে গোস্বামীর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তিনি প্রথম আলোকে জানান, আজ সকালে তাঁর সিটি স্ক্যান করার পর বিকেলে আরও কিছু স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। আশা করছি কাল সকালে প্রতিবেদন পাওয়া যাবে। কাল তাঁর স্বাস্থ্যগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।

চিকিৎসকের ছাড়পত্র পাওয়া গেলে সালাহ উদ্দিনকে আগামীকাল মঙ্গলবার আদালতে নেওয়া হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।

শিলংয়ের পুলিশ সুপারের দপ্তরে অনুমতি নিয়ে স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে হাসিনা আহমদ এক আত্মীয় ও বিএনপির একাধিক নেতাসহ সিভিল হাসপাতালে যান।

হাসিনা আহমেদ ভিসা পেয়ে গতকাল রাতে শিলংয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন। তাঁর পারিবারিক সূত্র জানায়, হাসিনা ও তাঁর বোনের স্বামী আকাশপথে কলকাতায় গেছেন। গতকাল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র প্রথম আলোকে জানায়, রাত ৯টা ৪০ মিনিটে ঢাকা থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হাসিনা আহমদ এবং মাহবুব কবির নামের একজন ঢাকা ছাড়েন। কলকাতা থেকে আসাম হয়ে তাঁরা শিলং পৌঁছান।

গত সোমবার ভোরে শিলংয়ের গলফ-লিংক এলাকায় উদ্‌ভ্রান্তের মতো ঘোরাঘুরির সময় সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করে সেখানকার পুলিশ। পরদিন থেকে পুলিশি পাহারায় শিলংয়ের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁকে হাসপাতালের অ্যানেক্স ভবনে বিচারাধীন মামলার আসামিদের ওয়ার্ডে রাখা হয়েছে। পাসপোর্ট ছাড়া ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাঁকে আদালতে তোলা হবে। তবে শিলংয়ে তিনি কীভাবে পৌঁছালেন, সেই রহস্যের উদ্‌ঘাটন হয়নি।

আর ও পড়ুন :