দুই মাস ধরে নিখোঁজ থাকা দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে নিয়ে বিএনপি মিথ্যাচার করেনি বলে দাবি করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। তিনি অভিযোগ করেন, সরকারের কয়েকজন মন্ত্রী এ নিয়ে ‘ডুগডুগি’ বাজাচ্ছেন। সময়মতো এর জবাব দেওয়া হবে।
গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান এসব কথা বলেন। সালাহ উদ্দিন আহমদের সন্ধানের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, সালাহ উদ্দিনের সন্ধান পাওয়া গেছে, এতে তাঁরা খুশি।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান মানব পাচার রোধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। সরকারের উদ্দেশে তিনি বলেন, বিএনপি মনে করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডের সঙ্গে আলোচনা করে মানব পাচার রোধে সরকার উদ্যোগ নেবে। এ ছাড়া সংসদে আইন করে প্রয়োজনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। এ বিষয়ে বিএনপি সরকারকে সহযোগিতা করবে।
স্বামীর কাছে যেতে চান হাসিনা আহমদ: গতকাল বুধবার সকালে গুলশানে নিজের বাসায় সংবাদ সম্মেলনে হাসিনা আহমদ বলেছেন, গত মঙ্গলবারের পর (এখন পর্যন্ত) স্বামী সালাহ উদ্দিন আহমদের সঙ্গে তাঁর আর কথা হয়নি। যত দ্রুত সম্ভব তিনি স্বামীর কাছে যেতে চান।
দুই মাস ধরে নিখোঁজ থাকার পর মঙ্গলবার সালাহ উদ্দিন আহমদের খোঁজ মিলেছে। তিনি ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সকালে ফোন করে তাঁর অবস্থানের কথা স্ত্রী হাসিনা আহমদকে জানিয়েছেন।
স্বামীর খোঁজ পাওয়ার পর মঙ্গলবারই ভিসার জন্য আবেদন করেন হাসিনা আহমদ। ভারতীয় দূতাবাস থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়েছি কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘ওনারা বলেছেন আমরা চেষ্টা করছি। দেখি, বাকিটা কী জানানো হয়।’
ভিসা হলে আজকেই যাবেন কি না, এমন প্রশ্নের জবাবে হাসিনা বলেন, ‘আশা করছি। যদি ভিসা হয়ে যায়, টিকিট পাব কি না, তারপর কীভাবে যাব, কোন দিক দিয়ে গেল সুবিধা হবে, সেগুলো ঠিক করে তার পরে যাব।’
পুলিশ বলেছে, ওনার সঙ্গে পাসপোর্ট নেই। তাই তাঁকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা দীর্ঘ হতে পারে। এ নিয়ে প্রশাসনের কারও সঙ্গে বা সরকারের সঙ্গে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে হাসিনা বলেন, ‘আমরা আগে ওখানে পৌঁছাব। পরিস্থিতি বোঝার পর তার পরে কী ব্যবস্থা নেব, সেটা দেখব।’
স্বামীকে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন কি না, জানতে চাইলে সালাহ উদ্দিনের স্ত্রী বলেন, ‘সরকারের সহযোগিতা তো সব সময়ই কামনা করে আসছি। সরকারের সহযোগিতা ছাড়া তো কোনো কিছুই করা সম্ভব নয়। অবশ্যই সরকারের সহযোগিতা কামনা করছি।’