সাড়া নেই আ.লীগে, দোলাচলে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাষ্ট্রপতি বললেও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনার আহ্বানে এখনই সাড়া দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপিও এ নিয়ে দোলাচলে আছে। তবে রাষ্ট্রপতির এই আহ্বানকে অন্য দলগুলো প্রশংসা করলেও এর বাস্তবায়ন হবে না বলে ধারণা তাদের।
গত মঙ্গলবার দুটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছিলেন, ‘আলোচনা বা সংলাপ রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য কমাতে পারে। এ জন্য রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ-আলোচনার উদ্যোগ নিতে হবে।’
এরপর এই বিষয়ে রাজনৈতিক মহলে আলাপ-আলোচনা শুরু হয়। সব রাজনৈতিক দলের আগ্রহ ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের রাষ্ট্রপতির এই আহ্বানের বিষয়ে প্রতিক্রিয়া কী হয়, তা জানার জন্য।
রাষ্ট্রপতির উদ্যোগের বিষয়ে গতকাল বুধবার মিরপুরের বিআরটিএ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘প্রয়োজন হলে আমরা সংলাপে বসব। কিন্তু এখন সংলাপ করছেন রাষ্ট্রপতি। এই সংলাপ শেষে সিদ্ধান্ত হওয়ার আগে আরেকটি সংলাপের প্রশ্ন তো আসে না।’
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান প্রথম আলোকে বলেন, ‘দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে, রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনায় বসতে হবে।’ তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র মাহবুব উল আলম হানিফ বলেন, ‘কোনো রাজনৈতিক দল যদি কোনো নির্দিষ্ট বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে চায়, তাহলে তারা প্রস্তাব দিতে পারে। সরকার সেটা যৌক্তিক মনে করলে বিবেচনা করবে।’

রাষ্ট্রপতির এমন আহ্বানে কিছুটা দোলাচলে রয়েছে বিএনপি। রাষ্ট্রপতির এই আহ্বানে দলটির নেতাদের মনে কিছুটা সন্দেহও রয়েছে। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক আলোচনা সভায় বলেন, ‘রাষ্ট্রপতি যদি সত্যিকার অর্থে আন্তরিক হয়ে এ কথা বলে থাকেন, তাহলে তিনি সত্যি কথা বলেছেন। এ দেশের মানুষ সংলাপের মধ্য দিয়ে সংকটের নিরসন চায়।’

রাষ্ট্রপতির আহ্বানের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘দায়িত্ব এড়ানোর জন্য রাষ্ট্রপতি এমন কথা বলেছেন।’ তিনি বলেন, ‘কোন রাজনৈতিক দল, কাকে ডাকবে। গ্রাম্য সালিস বিচারের জন্যও একজন মধ্যস্থতাকারী প্রয়োজন হয়।’

রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ-আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বানকে প্রশংসা করেছে জাতীয় পার্টি। জানতে
চাইলে দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তিত্ব। তিনি হয়তো বলতে চেয়েছেন নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ছাড়া আরও কিছু দরকার। তবে আমি মনে করি, রাজনৈতিক দলগুলোকে পরস্পরের চেয়ে সরকারের সঙ্গে সংলাপ অধিক গুরুত্বপূর্ণ।’

আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বিএনপির বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্রপতির এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন। তাঁরাও বলেছেন, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে ভেবেছেন তাদের মধ্যে ঐক্য জরুরি। এ কারণে দলগুলোর মতপার্থক্য দূর করতে তাদের মধ্যে আলাপ-আলোচনা জরুরি।

রাষ্ট্রপতির আহ্বানের বিষয়ে জানতে চাইলে ১৪ দলীয় জোটের শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘এটা রাষ্ট্রপতির বিজ্ঞ চিন্তার ফসল। এটা বিরাজমান রাজনৈতিক সংকট কাটাতে সহায়ক হবে।’ জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, ‘অবশ্যই রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। তবে যারা আগুন-সন্ত্রাস করে, যুদ্ধাপরাধীদের পাশে থাকে, তাদের সঙ্গে সংলাপ হবে কি না সেটাই প্রশ্ন।’ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-আম্বিয়া) শরীফ নুরুল আম্বিয়া বলেন, রাষ্ট্রপতির এই আহ্বানে আওয়ামী লীগ কীভাবে প্রতিক্রিয়া দেখাবে, এটাই গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রপতির উদ্যোগের বিষয়ে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক—সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। বল এখন রাষ্ট্রপতির কোর্টে। তবে রাষ্ট্রপতিকে এভাবে বললে হবে না, তিনি হয়তো বলতে পারেন, আমি সিদ্ধান্ত নেব রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে।’