সাড়ে চার বছরে মাত্র তিনবার একসঙ্গে দলীয় কর্মসূচি পালন করতে পেরেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। তবে তিনটি অনুষ্ঠানেই নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। ২০১২ সালেন রোজার মাসে ইফতার মাহফিলে সর্বশেষ একসঙ্গে দলীয় কর্মসূচিতে দেখা যায় দুই নেতাকে। ওই আয়োজনে দুই নেতার অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
২০১১ সালের ২৩ অক্টোবর সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও সাবেক সাংসদ গাজী শাহজাহান জুয়েলকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর আগে কমিটির মেয়াদ শেষ হলেও তাঁরা এখনো স্বপদে বহাল রয়েছেন। নতুন কমিটি গঠনেরও উদ্যোগ কার্যত নেই বলে জানান দলের নেতা-কর্মীরা।
নাম না প্রকাশের শর্তে দক্ষিণ জেলা বিএনপির একাধিক নেতা অভিযোগ করেছেন, সভাপতির সঙ্গে সাধারণ সম্পাদকের ব্যক্তিত্বের দ্বন্দ্বের কারণে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। কমিটির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল এলাকায় থাকেন না। বয়স এবং শারীরিক সমস্যার কারণে সভাপতিও আগের মতো সক্রিয় নন।
বিএনপির নেতারা জানান, চট্টগ্রাম নগরের বোট ক্লাব, সাফা আর্কেড এবং উডল্যান্ড পার্কে ২০১১ ও ২০১২ সালে দক্ষিণ জেলা কমিটির তিনটি কর্মসূচিতে সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এ বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘২০১২ সালে উডল্যান্ড পার্কের ইফতার মাহফিলে গোলযোগের পর সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল কানাডায় চলে যান। এরপর আমরা সভাপতি ও সাধারণ সম্পাদককে একসঙ্গে কোনো কর্মসূচিতে পাইনি।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ইদ্রিস মিয়া বলেন, ‘নেতাদের মধ্যে দ্বন্দ্বের কারণে দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক অবস্থা ভালো নয়। সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েলের সঙ্গে তৃণমূলের নেতা-কর্মীদের যোগাযোগ নেই।’ কেন যোগাযোগ নেই জানতে চাইলে তিনি বলেন, ‘গাজী জুয়েল সাহেব তো কানাডায় থাকেন। দেশে এলে ১৫-২০ দিন পর্যন্ত অবস্থান করেন। আবার ছয়-সাত মাসের জন্য চলে যান।’ তাঁর দাবি, সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী এককভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সঙ্গে তৃণমূলের নেতা-কর্মীদের যোগাযোগও ভালো।
তবে শেখ মোহাম্মদ মহিউদ্দিন সাংগঠনিক দুরবস্থার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনকেই দায়ী করেন। তিনি বলেন, ‘এক হাতে তালি বাজে না। সাধারণ সম্পাদক দেশের বাইরে থাকেন। এটা সত্য। তবে সভাপতিও সঠিকভাবে দলকে এগিয়ে নিতে পারছেন না।’
নেতাদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘একটি সিন্ডিকেট আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ওদের বলতে চাই, আমি ১৫-২০ দিন বিদেশে থাকলে বাকি ছয়-সাত মাস দেশে অবস্থান করি। এই সিন্ডিকেট দলের ভেতরে বিভেদ সৃষ্টি করছে।’ এখন তিনি দেশে আছেন।
সভাপতির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে গাজী শাহজাহান জুয়েল বলেন, ‘আমরা দুজন একসঙ্গে ছিলাম। কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে যতটা প্রয়োজন ততটা ছিলাম না।’ সীমাবদ্ধতা কী, তা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দুজনের ব্যক্তিগত কর্মসূচি থাকতে পারে। এ ছাড়া ব্যক্তিত্বের দ্বন্দ্বও থাকতে পারে। তবে দেশের স্বার্থে এবং দলের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। আমাদের মহাসচিব দ্বন্দ্ব-বিভেদ ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। দলের স্বার্থেই সভাপতির সঙ্গে আমি এখন নিয়মিত যোগাযোগ করছি।’
জানতে চাইলে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঢাকায় জুয়েল সাহেবের সঙ্গে আমার দেখা-সাক্ষাৎ হয়। তবে দ্বন্দ্ব নিয়ে আমি কারও বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। দলের ভেতরে কে কী করছেন, সেটা আমাদের ম্যাডাম এবং কেন্দ্রীয় নেতারা জানেন। কেন্দ্র আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছে, তা সবাইকে নিয়ে পালন করে যাচ্ছি।’
দলীয় সূত্র জানায়, দক্ষিণ জেলা বিএনপির কমিটি ১৫১ সদস্যের। সভাপতি ও সম্পাদকের বিভক্তির প্রভাব পড়েছে দক্ষিণ চট্টগ্রামের সাতটি উপজেলা, একটি থানা ও পাঁচটি পৌরসভার সাংগঠনিক কাঠামোয়। প্রায় প্রতিটি উপজেলা ও পৌরসভায় দুই নেতার অনুসারী রয়েছেন। কোন্দল ও বিভেদের কারণে গত ফেব্রুয়ারি মাসে উপজেলা, থানা ও পৌর কমিটিগুলো ভেঙে দেওয়া হয়।
দক্ষিণ জেলা বিএনপির কমিটির মেয়াদ অনেক আগে শেষ হয়েছে স্বীকার করে জাফরুল ইসলাম চৌধুরী বলেন, জাতীয় কাউন্সিলের পর উপজেলা ও পৌরসভা কমিটির সম্মেলন শেষ করে দক্ষিণ জেলা কমিটির সম্মেলন করা হবে।
এ বিষয়ে গাজী শাহজাহান জুয়েল বলেন, ‘আমরা তৃণমূল থেকে বিএনপিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি। ইউনিয়ন, উপজেলা ও পৌর কমিটির সম্মেলনের পর জেলা কমিটি গঠন করা হবে। ত্যাগী ও নিষ্ঠাবান নেতারা কমিটিতে জায়গা পাবেন।’
নেতা-কর্মীরা বলছেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বন্দ্বের কারণে দক্ষিণ চট্টগ্রামে আট-দশটি ধারা এবং উপধারা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘আমিও একটি ধারার নেতা। এভাবে প্রতিটি উপজেলায় ধারা ও উপধারা সৃষ্টি হয়েছে। এ জন্য জেলার নেতারা দায়ী।’
চট্টগ্রাম দক্ষিণ জেলার অধীনে আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগাড়া উপজেলা এবং কর্ণফুলী থানা রয়েছে। আর পাঁচটি পৌরসভা হচ্ছে পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী।
লোহাগাড়া উপজেলা বিএনপির সদ্য বিদায়ী সভাপতি আসহাব উদ্দীন প্রথম আলোকে বলেন, দক্ষিণ জেলার অধীনে সাতটি উপজেলা, একটি থানা ও পাঁচটি পৌর কমিটির মেয়াদ পেরিয়ে গেছে। এসব কমিটি ভেঙে দেওয়ার কথা তাঁকে ফোনে জানিয়েছেন জাফরুল ইসলাম চৌধুরী।