বগুড়া জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সাড়ে ১৯ মাস পর গত রোববার রাতে ১৫৭ সদস্যবিশিষ্ট ওই কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৫ সালের ৭ মে। ওই সম্মেলনে কমিটি ঘোষণা না দিয়ে পাঁচ দিনের মাথায় ১২ মে কেন্দ্র থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্যের ‘সমঝোতার কমিটি’ ঘোষণা দেওয়া হয়। এতে নাইমুর রাজ্জাককে সভাপতি, সনৎ কুমারকে সহসভাপতি, অসীম কুমার রায়কে সাধারণ সম্পাদক, নূর নবী সরকারকে যুগ্ম সাধারণ সম্পাদক ও জিহাদ আল হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। তবে ওই কমিটির ঘোষণার পর একটি ডাকাতির ঘটনায় নন্দীগ্রাম থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হন নূর নবী। পরে তাঁকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সর্বশেষ রোববার কেন্দ্রীয় ছাত্রলীগ ওই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে।
নাইমুর রাজ্জাক ও অসীম কুমার রায় কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।