
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের স্থাবর ও অস্থাবর সম্পত্তি আছে ৫ কোটি ৫৬ লাখ ৮ হাজার ৬৬১ টাকার। এর মধ্যে তাঁর অস্থাবর সম্পত্তি ৪ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার ১৩৭ টাকার, স্থাবর সম্পত্তি ৬৪ লাখ ৯২ হাজার ৪৫০ টাকার।
মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় এ তথ্য উল্লেখ করেছেন ইশরাক হোসেন। তিনি ঢাকা-৬ আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাদেক হোসেন খোকার ছেলে।
হলফনামায় দেখা যায়, ইশরাকের শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তাঁর হাতে নগদ আছে ৭৭ হাজার ৫০০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা করা অর্থের পরিমাণ ১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ২৩৭ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন কোম্পানির শেয়ার আছে ২ কোটি ৯৬ লাখ টাকার। তাঁর কাছে আছে ১ লাখ টাকার ইলেকট্রনিকস সামগ্রী (আয়রন, মাইক্রোওভেন, ফ্রিজ)। আসবাব আছে ১ লাখ ৩১ হাজার ৪০০ টাকার।
ইশরাকের কৃষিজমি আছে ৩০ লাখ ২৫ হাজার ৬৫০ টাকার। অকৃষিজমি ৩২ লাখ ৫৬ হাজার ৮০০ টাকার। দালান বাবদ ইশরাকের আছে ১৩ লাখ ৫৯ হাজার ৭৪ টাকা। একটি অ্যাপার্টমেন্টের দাম ২ লাখ ১০ হাজার টাকা। বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান ভাড়া বাবদ তাঁর আয় ১ লাখ ৮০ হাজার টাকা। শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতের সুদ থেকে আয় ৪ লাখ ৮৯ টাকা। ইশরাক সাদেক ফাইন্যান্স ম্যানেজমেন্ট লিমিটেড, বুড়িগঙ্গা ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, বুড়িগঙ্গা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দিগন্ত প্রকৌশলী লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এসব প্রতিষ্ঠানের দায়িত্ব পালন বাবদ তাঁর আয় ৪০ লাখ ৬৪ হাজার ৯৯৮ টাকা।
ইশরাক হোসেনের মোট ঋণের পরিমাণ ৬৪ লাখ ৮৭ হাজার ২২২ টাকা। এর মধ্যে মা ইসমত আরার কাছ থেকে নিয়েছেন ৬১ লাখ ৩৭ হাজার ২২২ টাকা। স্বল্পমেয়াদি ঋণ আছে ৩ লাখ ৫০ হাজার টাকা।