সায়দুল্লাহ সভাপতি, জাহাঙ্গীর সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত মেয়াদ শেষের প্রায় ১১ বছর পর গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জের ভৈরব উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। সম্মেলনের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
সায়দুল্লাহ পেয়েছেন ১৩০ ভোট। তাঁর একমাত্র প্রতিপক্ষ সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর পেয়েছেন ৩০ ভোট। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম দলটির কর্মী রফিকুল ইসলামের চেয়ে ৮৩ ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এর আগে সকালে স্থানীয় সাংসদ নাজমুল হাসান সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। পরে স্থানীয় জিল্লুর রহমান পৌর মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক পৌর মেয়র ফখরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। বক্তব্য দেন সাংসদ নাজমুল হাসান, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান, সাধারণ সম্পাদক এম এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব এস এম বাকী বিল্লাহ।
বক্তারা বলেন, যথাসময়ে সম্মেলন সম্পন্ন করা গেলে নেতৃত্বের বিকাশ ঘটে এবং দল পরিচালনায় গতি আসে। ভোটারদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন করা গেলে তা টেকসই হয় এবং গ্রহণযোগ্যতা বাড়ে। নতুন নেতা নির্বাচনের মাধ্যমে ভৈরব উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে আরও গতি সঞ্চার হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
মোট ১৬২ জন কাউন্সিলরের মধ্যে ভোট প্রদান করেন ১৬১ জন। একজন ভোটার সাধারণ সম্পাদক পদে ভোট দিলেও সভাপতি পদে ভোট দেওয়া থেকে বিরত থাকেন।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০২ সালের ১২ অক্টোবর সায়দুল্লাহ মিয়াকে সভাপতি ও আবুল মনসুরকে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদি কমিটি করা হয়। নির্ধারিত মেয়াদের মধ্যে কমিটি দিতে ব্যর্থ হন তাঁরা। শুধু তা-ই নয়, নেতৃত্ব নিয়ে সাত বছর আগ থেকে ওই দুই নেতা প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। তাঁদের দ্বন্দ্বের সূত্র ধরে দলটির অধিকাংশ নেতা-কর্মী কারও না কারও বলয়ভুক্ত হয়ে বিভক্ত রাজনীতিতে জড়িয়ে পড়েন। বিশেষ করে তিন বছর ধরে বলয় দুটি পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছিল। এ অবস্থায় কোন্দল এড়িয়ে নেতৃত্বে গতি আনতে চলতি বছরের ৬ জুন কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দলে চরম কোন্দলের মধ্যেও মাত্র সাড়ে চার মাসের মধ্যে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিয়ে সম্মেলন সম্পন্ন করতে সক্ষম হয়।