সি-রওশন বৈঠক না হওয়ায় ক্ষুব্ধ এরশাদ

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ সফরে আসার পর জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘এতে আমরা ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছি। আমার দলের নেতা-কর্মীরাও ক্ষুব্ধ।’
আজ মঙ্গলবার দুপুরে রংপুরে তিন দিনের সফরে এসে তাঁর বাসভবন পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এইচ এম এরশাদ।
বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) মেরুদণ্ডহীন উল্লেখ করে জাপা চেয়ারম্যান এরশাদ বলেছেন, নতুন যে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে, সেটি যেন বর্তমান কমিশনের মতো মেরুদণ্ডহীন না হয়।
সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ সফরে এসে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এইচ এম এরশাদ বলেন, ‘আমরা যখন রাষ্ট্রক্ষমতায় ছিলাম, তখন চীনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল। সে সময় চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এসেছিলেন। কিন্তু সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সফরে এসে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক না হওয়ায় আমরা ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছি। আমার দলের নেতা-কর্মীরাও ক্ষুব্ধ।’
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধান সফরে এলে তিনি কার কার সঙ্গে কথা বলবেন, সে সিডিউল তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। কী কারণে বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাতের সিডিউল করা হয়নি, সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। বিষয়টি জানতে পারলে তা গণমাধ্যমকে জানানো হবে।’
এ সময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন, সদস্যসচিব হোসেন মকবুল শাহরিয়ার, মহানগর আহ্বায়ক মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন।
সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ঢাকা সফরে এসে সংসদের বাইরে থাকা দল বিএনপির সঙ্গে বৈঠক করেন। তবে বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে কোনো বৈঠক তিনি করেননি। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফরেও জাপা বা বিরোধীদলীয় নেতার সঙ্গে কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। কেরির একটি অনুষ্ঠানে গিয়ে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ তাঁর সঙ্গে দেখা করেছিলেন।
আরও পড়ুন...
বিদেশিদের কাছেও গুরুত্বহীন জাপা