সিংড়া ও গুরুদাসপুরে আ.লীগ প্রার্থী জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে গতকাল মঙ্গলবার উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তবে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে।
একই দিন জেলার গুরুদাসপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে উপজেলা যুবলীগের সভাপতি মো. আলাল শেখ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সেখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। তবে ভোটারের উপস্থিতি ছিল কম।
সিংড়া: গতকাল সন্ধ্যায় বিএনপি-সমর্থিত প্রার্থী ফয়জুন নেছা অভিযোগ করেন, ব্যাপক ভোট জালিয়াতি করা হয়েছে। জয় বাংলা স্লোগান দিয়ে কেন্দ্র দখল করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে সিল মারা হয়েছে। ফয়জুন নেছা তাঁর বাসায় সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি বলেন, সকাল ১০টা পর্যন্ত ১১৮টি কেন্দ্রের প্রায় সব কটিতে ভোটারদের উপস্থিতি ছিল না বললে চলে। পরে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকলে ইটালী, কলম, তাজপুর ও চামারী ইউনিয়নের কয়েকটি কেন্দ্র নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় যুবলীগ ও ছাত্রলীগ পরিচয়ধারী কিছুসংখ্যক যুবক। তাঁর এজেন্টেদের কেন্দ্রে যেতে বাধা দেয় ও যাঁরা কেন্দ্রে ছিলেন, তাঁদের মারধর করে বের করে দেয়।
বেলা একটার দিকে ইটালী ইউনিয়নের পাকুরিয়া কেন্দ্রে দেখা যায়, জয় বাংলা বলে স্লোগান দিয়ে লাঠিসোঁটা হাতে একদল যুবক কেন্দ্র দখল করেছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রার্থী ফয়জুন নেছা বলেন, সরকারপন্থীরা কেন্দ্র দখলের এই সময় পুলিশ নীরবে দাঁড়িয়ে থাকে। রাকসা কেন্দ্রে সরকার-সমর্থকেরা প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে সিল মারেন।
তবে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি বলেন, পরাজয় এড়াতে এসব বলা হচ্ছে।
বিএনপি প্রার্থীর অভিযোগ নাকচ করে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান রাতে বলেন, আওয়ামী লীগ প্রার্থী ৯৪ হাজার ৭৫৪ ও বিএনপি প্রার্থী ৬৬ হাজার ৮৪৮ ভোট পেয়েছেন।
সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ মারা যাওয়ায় এই উপনির্বাচন হলো।
গুরুদাসপুর: উপজেলা ভাইস চেয়ারম্যান পদের উপনির্বাচনে উপজেলা যুবলীগের সভাপতি মো. আলাল শেখ পেয়েছেন ২১ হাজার ৮১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত মোহাম্মদ আলী পেয়েছেন ১৬ হাজার ৪১৫ ভোট। গতকাল রাত ৭টা ৪৮ মিনিটে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম আযম ওই ফলাফল ঘোষণা করেন।
এর আগে ভোট চলাকালে কেন্দ্রে নিয়োজিত কর্মকর্তা ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এখন চলনবিলের পানি নামতে শুরু করেছে। নরম কাদা মাটিতে রসুন রোপণের উৎসব শুরু হয়েছে। এ ছাড়া মাঠে মাঠে পাকা ধান। এ কারণে কৃষক-মজুরদের দৃষ্টি মাঠের দিকে। তাই তাঁদের অনেকেই ভোটকেন্দ্রে আসেননি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম আযম বলেন, ভোটারদের উপস্থিতি নিয়ে নয়, তাঁর নজর ছিল সুষ্ঠুভাবে ভোট গ্রহণের দিকে। এতে তিনি সফল হয়েছেন।