নাটোরের সিংড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাঁচ কাউন্সিলর প্রার্থী এবং তাঁদের সমর্থকেরা পৌর নির্বাচনের ফলাফল বর্জন করে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন।
এদিকে নলডাঙ্গা পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীকে ভোট কারচুপির মাধ্যমে হারানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে নাটোর জেলা বিএনপি।
গত বৃহস্পতিবার দুপুরে সিংড়া পৌরসভা নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের চার এবং বিএনপির এক কাউন্সিলর প্রার্থী ও তাঁদের সমর্থকেরা নাটোর-বগুড়া মহাসড়কের বালুয়া-বাসুয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে সিঅ্যান্ডবি মাঠে প্রার্থীরা সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্য বলা হয়, সিংড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু আবদুর রহিম বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রত্না পারভিন দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত অনুপস্থিত ছিলেন। এ সময়ে ১০ লাখ টাকার বিনিময়ে রত্না পারভিন ভ্যানিটি ব্যাগে করে ব্যালট পেপার বাড়িতে নিয়ে গিয়ে সিল মেরে নিয়ে আসেন। শফিকুল ইসলামকে বিজয়ী ঘোষণা করেন।
অপর দিকে নলডাঙ্গা পৌরসভার তিনটি কেন্দ্রে ভোট কারচুপির মাধ্যমে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী আব্বাস আলীকে পরাজিত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে নাটোর জেলা বিএনপি।
এ সময় সংবাদ সম্মেলনে বলা হয়, নলডাঙ্গা পৌরসভার ব্রহ্মপুর, সোনাপাতিলসহ তিনটি কেন্দ্রের ভেতর ভোটার উপস্থিতি থাকলেও প্রিসাইডিং কর্মকর্তা ব্যালট পেপার শেষ হওয়ার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে অবিলম্বে নলডাঙ্গা পৌরসভায় পুনর্নির্বাচনের দাবি জানানো হয়।