সিংড়ায় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত
নাটোরে সিংড়া উপজেলা, পৌর ও গোল-ই-আফরোজ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। পাঁচ বছর পর সিংড়া কোর্ট মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে দুপুর ১২টায় সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। মঞ্চে উপস্থিত হন সিংড়া উপজেলা, পৌর ও গোল-ই-আফরোজ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতারা।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, প্রযুক্তির অপার সম্ভাবনার সুযোগ কাজে লাগিয়ে আজ তরুণ প্রজন্ম নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা এ সুযোগ কাজে লাগিয়ে দেশকে দ্রুত উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবেন।
কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে মো. খালিদ হাসান ও সাধারণ সম্পাদক পদে নাজমুল হক নির্বাচিত হয়েছেন। পৌর ছাত্রলীগের সভাপতি পদে বনি ইসরাইল ও সাধারণ সম্পাদক পদে জুনাইদ হাসানের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজে ছাত্রলীগের সভাপতি পদে মো. সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেন নির্বাচিত হয়েছেন।